শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শুক্রবার, ফেব্রুয়ারী ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ

পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ইরানে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস এক নিরাপত্তা সতর্কতায় এ নির্দেশনা জারি করে।

একই দিন ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। গত গ্রীষ্মে ১২ দিনের সংঘাতের পর এটিই ছিল দুই দেশের প্রথম সরাসরি আলোচনা।

ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন কোনো চুক্তি না হলে সামরিক পদক্ষেপসহ সব বিকল্প বিবেচনায় রাখা হবে। ট্রাম্প প্রশাসন ইরানের ‘শূন্য পারমাণবিক সক্ষমতা’ নিশ্চিত করতে চায় এবং দেশটির সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত ধ্বংসের দাবি জানিয়েছে। আলোচনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরানের সমর্থনের বিষয়ও উঠে আসতে পারে।

অন্যদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ও অযৌক্তিক দাবির বিরুদ্ধে তারা আত্মরক্ষায় প্রস্তুত রয়েছে। তবে একই সঙ্গে কূটনৈতিক আলোচনা চালু রাখার আগ্রহের কথাও জানিয়েছে তেহরান। ইরানের এই অবস্থানকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে চীন।
এর মধ্যে ইরানের আশপাশের অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং পরিস্থিতি ক্রমেই সংবেদনশীল হয়ে উঠছে।