বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

কাতারে রমজান উপলক্ষে এক হাজারের বেশি পণ্যে মূল্যছাড়

Author avatar
উত্তর আমেরিকা অফিস

মঙ্গলবার, ফেব্রুয়ারী ১০, ২০২৬

কাতারে রমজান উপলক্ষে এক হাজারের বেশি পণ্যে মূল্যছাড়

পবিত্র রমজান মাস সামনে রেখে কাতারে নিত্যপ্রয়োজনীয় পণ্যে বিশেষ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। এ কর্মসূচির আওতায় দেশজুড়ে এক হাজারের বেশি পণ্য নির্ধারিত ছাড়মূল্যে বিক্রি হবে।

মন্ত্রণালয় জানায়, রমজান মাসে খাদ্যসহ প্রয়োজনীয় পণ্যের চাহিদা সাধারণত বেড়ে যায়। সে বিষয়টি বিবেচনায় নিয়ে ভোক্তাদের জন্য সাশ্রয়ী দামে পণ্য নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বড় বড় খুচরা বিক্রয়কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে ছাড়প্রাপ্ত পণ্যের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

তালিকায় আটা, চিনি, তেল, দুধ, পাস্তা ও মুরগিসহ বিভিন্ন খাদ্যপণ্য অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি টিস্যু, ডিটারজেন্ট, ওয়াশিং পাউডারসহ প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রীও এই মূল্যছাড় কর্মসূচির আওতায় রাখা হয়েছে।

নির্ধারিত ছাড়ের তালিকা দেশের সব বড় সুপারমার্কেটে পাঠানো হয়েছে। একই সঙ্গে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও তা প্রকাশ করা হয়েছে। রমজান মাসজুড়ে নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চিত করতে বাজারে নিয়মিত নজরদারি চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কোনো বিক্রেতা নির্ধারিত দামের বেশি নিলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

সূত্র: কাতার নিউজ এজেন্সি