পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় দুইজন নিহত হয়েছেন। হামলার সময় একজন ব্যক্তি জীবিত থাকায় তাকে উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারককারী ইউএস সাউদার্ন কমান্ড (সাউথকম) এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার একটি নৌযানের ওপর ‘লিথাল কাইনেটিক স্ট্রাইক’ পরিচালনা করা হয়।
সাউথকমের দাবি, সংশ্লিষ্ট নৌযানটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। তবে এ দাবির পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি। বিবৃতিতে বলা হয়, হামলায় দুইজন নিহত হন এবং একজন বেঁচে যান। ঘটনার পরপরই জীবিত ব্যক্তিকে উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে সার্চ অ্যান্ড রেসকিউ কার্যক্রম চালাতে অবহিত করা হয়।
এ ঘটনায় সাউথকম হামলার প্রায় ১০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, সামরিক বাহিনীর নিশানায় থাকা একটি ছোট মোটরচালিত নৌযানে আঘাত হানার পর কয়েক সেকেন্ডের মধ্যে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের পর নৌযানটির কিছু অংশ অক্ষত থাকলেও এর গতি কমে যেতে দেখা যায়। এর আগেও গত সপ্তাহে পূর্ব প্রশান্ত মহাসাগরে চালানো এক হামলায় দুজন নিহত হওয়ার দায় স্বীকার করে যুক্তরাষ্ট্র। বিভিন্ন গণমাধ্যমের তথ্য ও পর্যবেক্ষকদের হিসাব অনুযায়ী, পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে এখন পর্যন্ত অন্তত ৩৯টি নৌযানের ওপর যুক্তরাষ্ট্র মোট ৩৭টি হামলা চালিয়েছে। এসব অভিযানে সর্বশেষ ঘটনার হতাহতসহ মোট নিহতের সংখ্যা অন্তত ১৩০ জনে দাঁড়িয়েছে।
সূত্র: আল জাজিরা
