বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

চীনা পাইলটদের গোপনে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মার্কিন সাবেক পাইলট গ্রেপ্তার

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৬, ২০২৬

চীনা পাইলটদের গোপনে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মার্কিন সাবেক পাইলট গ্রেপ্তার

চীনা সামরিক বাহিনীর পাইলটদের গোপনে ও অনুমোদনবিহীনভাবে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মার্কিন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা জেরাল্ড ব্রাউনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইন্ডিয়ানা থেকে ৬৫ বছর বয়সী এই সাবেক মেজরকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন বিচার বিভাগ।

ব্রাউনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনি চীনা পাইলটদের প্রতিরক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ দিয়েছেন, যা যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া করা হয়েছিল। এফবিআই জানিয়েছে, এই কর্মকাণ্ডকে দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা হচ্ছে।

জেরাল্ড ব্রাউন বিমানবাহিনীতে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন এবং এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমানের প্রশিক্ষক ছিলেন। তিনি ‘রানার’ কল সাইন নামেও পরিচিত ছিলেন। তদন্তে জানা গেছে, ব্রাউন ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চীনে অবস্থান করে পাইলটদের প্রশিক্ষণ দিয়েছেন। এই প্রশিক্ষণে চীনা নাগরিক স্টিফেন সু বিনের সঙ্গে তার যোগাযোগ ছিল।

মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ব্রাউন বিমানবাহিনীতে ২৪ বছর দায়িত্ব পালন করেছেন এবং গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ইউনিটের কমান্ডার ছিলেন। এখানে পারমাণবিক অস্ত্র পরিচালনা ও নিক্ষেপ সংক্রান্ত কার্যক্রমও অন্তর্ভুক্ত ছিল।

পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে সতর্ক করেছে, চীন সক্রিয়ভাবে ন্যাটো ও মিত্র দেশগুলোর সাবেক দক্ষ সামরিক সদস্যদের নিয়োগের মাধ্যমে নিজেদের সামরিক সক্ষমতা উন্নত করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সহ পাঁচটি মিত্র দেশ ২০২৪ সালে এক যৌথ বার্তায় জানিয়েছিল, অনুমোদনবিহীন প্রশিক্ষণ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং এতে জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।