রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে সাময়িক স্বস্তি পেয়েছে ভারত। যুক্তরাষ্ট্র ৩০ দিনের জন্য একটি বিশেষ ছাড় দিয়েছে, যার ফলে ভারতীয় তেল শোধনাগারগুলো রাশিয়া থেকে তেল আমদানি চালিয়ে যেতে পারবে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর জানায়, চলতি বছরের ৫ মার্চ পর্যন্ত জাহাজে তোলা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য ভারতে সরবরাহ ও বিক্রির অনুমতি দেওয়া হয়েছে।
এই অনুমোদন ৩ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। অর্থ মন্ত্রণালয়ের মতে, বিভিন্ন নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজ থেকেও এই সময়ের মধ্যে তেল লেনদেন সম্পন্ন করা যাবে।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে স্কট বেসেন্ট বলেন, ভারত যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের জ্বালানি নীতির ফলে যুক্তরাষ্ট্রে তেল ও গ্যাস উৎপাদন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ভারতীয় তেল শোধনাগারগুলোকে রাশিয়ার তেল কেনার জন্য ৩০ দিনের এই সাময়িক ছাড় দেওয়া হয়েছে।
তবে তিনি উল্লেখ করেন, এটি খুব স্বল্পমেয়াদি ব্যবস্থা। এতে রাশিয়া সরকারের বড় ধরনের আর্থিক সুবিধা হওয়ার সম্ভাবনা নেই, কারণ এই অনুমতি মূলত সমুদ্রে আটকে থাকা তেলবাহী জাহাজের তেল লেনদেনের ক্ষেত্রেই প্রযোজ্য।
