পবিত্র আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার ধর্মপ্রাণ মুসলমানদের সেখানে জুমার নামাজ আদায় করতে দেওয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি এই নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ইসরায়েলি প্রশাসন এক বিবৃতিতে জানায়, চলতি সপ্তাহে আল আকসা মসজিদে শুক্রবারের জুমার নামাজ অনুষ্ঠিত হবে না। ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
ইসরায়েলি বেসামরিক প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম বলেন, শুক্রবার জেরুজালেমের পুরান শহরের সব ধর্মীয় উপাসনালয় বন্ধ রাখা হবে। এর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন ওয়াল, আল আকসা মসজিদ এবং চার্চ অব দ্য হোলি সেপালকার। এসব স্থানে কোনো মুসল্লি, পর্যটক বা অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
উল্লেখ্য, ফিলিস্তিনের দখলকৃত পূর্ব জেরুজালেম এ অবস্থিত আল আকসা মসজিদ মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান। ছয় দিনের যুদ্ধ-এর পর ১৯৬৭ সালে জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকেই এই পবিত্র এলাকাকে ঘিরে ইসরায়েলের নিয়ন্ত্রণ ও সীমা সম্প্রসারণ নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে।
