নিউইয়র্কে দারিদ্র্যের হার নতুন রেকর্ডে পৌঁছেছে। সর্বশেষ এক প্রতিবেদনে দেখা গেছে, শহরের প্রায় ২২ লাখ বাসিন্দা বর্তমানে দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করছেন, যা মোট জনসংখ্যার চারজনের মধ্যে একজনেরও বেশি।
সোমবার প্রকাশিত দারিদ্র্য পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, টানা তৃতীয় বছরের মতো শহরে দারিদ্র্যের হার বেড়েছে। ২০২৩ সালে যেখানে দারিদ্র্যের হার ছিল প্রায় ২৫ শতাংশ, তা ২০২৪ সালে বেড়ে দাঁড়িয়েছে ২৬ শতাংশে। এই হার যুক্তরাষ্ট্রের জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ, যেখানে জাতীয় পর্যায়ে দারিদ্র্যের হার প্রায় ১৩ শতাংশ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে প্রায় ১৭ লাখ প্রাপ্তবয়স্ক এবং প্রায় সাড়ে চার লাখ শিশু দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। গবেষণাটি শহরের প্রায় তিন হাজার পরিবারের জীবনযাত্রা বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে এবং এতে খাবার, বাসস্থান ও বিদ্যুতের মতো মৌলিক চাহিদাগুলোর বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।
গবেষণায় দেখা গেছে, শহরের অর্ধেকেরও বেশি মানুষ এমন পরিবারে বাস করেন যেখানে অন্তত একটি মৌলিক চাহিদা পূরণে সমস্যা রয়েছে। গবেষকদের মতে, নিউইয়র্ক সিটিতে ২০২৪ সালে অর্থনৈতিক সংকট অনেক পরিবারের জন্য প্রায় স্বাভাবিক বাস্তবতায় পরিণত হয়েছে।
দারিদ্র্যবিরোধী সংগঠনের প্রধান রিচার্ড বুয়েরি বলেন, মানুষের মাথার উপর ছাদ থাকা, খাবার জোগাড় করা কিংবা বিদ্যুতের বিল পরিশোধ করা—এসব কোনো বিলাসিতা নয়, বরং মৌলিক প্রয়োজন।
তিনি আরও জানান, সরকারি সহায়তা পাওয়ার নিয়মও এখন আরও কঠোর হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি খাদ্য সহায়তা কর্মসূচির নতুন কাজসংক্রান্ত যোগ্যতার নিয়মের কথা উল্লেখ করেন, যা এ মাস থেকেই কার্যকর হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এসব নিয়ম কঠোর হওয়ায় ভবিষ্যতে আরও অনেক মানুষ দারিদ্র্যের মধ্যে পড়তে পারেন।
