শুক্রবার, ২০ মার্চ ২০২৬

১০ বছরের মধ্যে ধ্বংস হতে পারে মার্কিন অর্থনীতি

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

১০ বছরের মধ্যে ধ্বংস হতে পারে মার্কিন অর্থনীতি

ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এতে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পাশাপাশি অস্থিরতা দেখা দিয়েছে বিশ্ব অর্থনীতিতেও। বিশেষ করে ইরান জ্বালানি করিডোরখ্যাত সমুদ্রপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় অপরিশোধিত তেলের দাম ছাড়িয়ে যাচ্ছে ২০০ ডলার এবং অন্তত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে যাচ্ছে প্রাকৃতিক গ্যাসের মূল্যও।

এই আগ্রাসনের পর মার্কিন ভূমিতে সরাসরি পাল্টা আক্রমণ না হলেও অর্থনৈতিক প্রভাব টের পাচ্ছে দেশটির নাগরিকরা। ইতোমধ্যে জ্বালানি, পরিবহণ খরচ, বিমান ভাড়া, খাদ্যদ্রব্যসহ বেশকিছু পণ্য ও সেবার মূল্য বেড়ে গেছে। বাড়ছে মূল্যস্ফীতিও। এমনকি ১০ বছরের মধ্যে মার্কিন অর্থনীতি ধ্বংস হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন খোদ দেশটির অর্ধেকেরও বেশি নাগরিক।

নতুন এক জনমত জরিপ অনুযায়ী, ১০ জনের মধ্যে ৪ জনেরও বেশি আমেরিকান বিশ্বাস করেন যে এক দশকের মধ্যে দেশ একটি সম্পূর্ণ অর্থনৈতিক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে।

বুধবার (১৮ মার্চ) ইউগভ প্রকাশিত এই জরিপের প্রতিবেদন বলছে, আমেরিকানরা গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সম্ভাব্য হুমকি বা গৃহযুদ্ধের আশঙ্কার চেয়ে অর্থনীতি নিয়ে বেশি চিন্তিত। ৪২ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন যে আগামী ১০ বছরে ‘সম্পূর্ণ অর্থনৈতিক পতন’ ঘটার সম্ভাবনা খুব বেশি বা কিছুটা রয়েছে, অন্যদিকে ৩৮ শতাংশ এই সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন।

অর্থনৈতিক এই উদ্বেগ ডেমোক্র্যাটদের মধ্যে অনেক বেশি (৫৩ শতাংশ), যেখানে রিপাবলিকানদের মাত্র ২৮ শতাংশ এমন আশঙ্কা প্রকাশ করেছেন। অনেক উত্তরদাতা মনে করেন, অভ্যন্তরীণ অর্থনীতি ইতোমধ্যে ভয়াবহ অবস্থায় রয়েছে। ৪৩ শতাংশ আমেরিকান বিশ্বাস করেন যুক্তরাষ্ট্র বর্তমানে মন্দার মধ্যে রয়েছে।

এছাড়া ৫০ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, অর্থনীতি সামলানোর ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যোগ্যতার ওপর তাদের বিন্দুমাত্র আস্থা নেই। মাত্র ৩২ শতাংশ জানিয়েছেন, তাদের অগাধ আস্থা রয়েছে এবং ১৮ শতাংশের সামান্য আস্থা রয়েছে।