ইরানকে ঘিরে চলমান যুদ্ধে প্রত্যাশিত ফল না পাওয়ায় চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি অনুকূলে না থাকায় এখন এই সংকট থেকে বের হওয়ার পথ খুঁজছেন তিনি।
ট্রাম্প নিজেও বুঝতে পারছেন, যুদ্ধটি খুব ভালো অবস্থায় নেই। বরং উত্তেজনা আরও বাড়ালে যুক্তরাষ্ট্রের জন্য তা আরও জটিল হয়ে উঠতে পারে। কারণ, ইরানের ওপর হামলা চালালে পাল্টা বড় ধরনের মূল্য দিতে হতে পারে যুক্তরাষ্ট্রকেই।
ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাঙ্ক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি এক বিশ্লেষণে বলেন, ইরান ইতোমধ্যে তাদের পাল্টা হামলার সক্ষমতা দেখিয়েছে। তারা এমনভাবে আঘাত হানতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের সংকট তৈরি করতে সক্ষম।
বিশেষ করে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলে, তার সরাসরি প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের ওপর। এই ঝুঁকি ট্রাম্প প্রশাসনের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
এদিকে ইউরোপীয় ইউনিয়ন ইরান ও তার মিত্রদের প্রতি দ্রুত আঞ্চলিক হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। তারা বলছে, বর্তমান পরিস্থিতি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করছে।
সব মিলিয়ে, ইরানকে ঘিরে এই সংঘাত এখন যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
