শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

২৪ ঘণ্টায় মার্কিন ঘাঁটিতে ২৩ হামলার দাবি

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬

২৪ ঘণ্টায় মার্কিন ঘাঁটিতে ২৩ হামলার দাবি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ইরাকসহ বিভিন্ন এলাকায় মার্কিন সামরিক ঘাঁটিতে অন্তত ২৩টি হামলার দাবি করেছে ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী সারায়া আওলিয়া আল-দাম।

গোষ্ঠীটি জানিয়েছে, এর মধ্যে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে অন্তত পাঁচটি হামলা চালানো হয়েছে। নিজেদের ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’-এর অংশ হিসেবে পরিচয় দিয়ে এক বিবৃতিতে তারা এ তথ্য জানায়। খবর আলজাজিরার।

বিবৃতিতে বলা হয়, একই সময়ে ইরাকের ভেতরে এবং অঞ্চলজুড়ে মার্কিন ঘাঁটিগুলোর ওপর মোট ২৩টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব হামলায় ডজনখানেক ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও দাবি করা হয়। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের উদ্দেশে একটি খোলা চিঠি দিয়েছেন। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ওই চিঠিতে তিনি প্রশ্ন তোলেন, ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধ আদৌ ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না। খবর রয়টার্সের।

চিঠিতে পেজেশকিয়ান মার্কিন নাগরিকদের উদ্দেশে বলেন, এই যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্রের জনগণের কী স্বার্থ অর্জিত হচ্ছে, তা ভেবে দেখার সময় এসেছে। তাঁর দাবি, আধুনিক ইতিহাসে ইরান কখনো আগ্রাসন, বিস্তারবাদ বা উপনিবেশবাদের পথ বেছে নেয়নি এবং কোনো যুদ্ধও শুরু করেনি।

তিনি আরও বলেন, ইরানকে হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা বিশ্ব রাজনীতির ক্ষমতাবানদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের অংশ। ইরানের পার্শ্ববর্তী দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকেই তিনি উত্তেজনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে তিনি ‘বৈধ আত্মরক্ষা’ বলে অভিহিত করেন।