বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

টরন্টোয় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

Author avatar
উত্তর আমেরিকা অফিস

মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

টরন্টোয় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

কানাডার টরন্টো শহরের স্কারবোরো এলাকায় সড়ক দুর্ঘটনায় আহনাফ আবরার মোর্শেদ ওয়ামিক (২১) নামের এক বাংলাদেশি-কানাডীয় তরুণের মৃত্যু হয়েছে। তিনি ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

রোববার (৫ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টার দিকে ডেনফোর্থ অ্যাভিনিউ ও বাইং অ্যাভিনিউ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

স্থানীয় পুলিশ ও গণমাধ্যম সূত্রে জানা গেছে, ওয়ামিক একটি কাওয়াসাকি নিঞ্জা মোটরসাইকেল চালিয়ে পশ্চিম দিকে যাচ্ছিলেন। এ সময় একটি টয়োটা হাইল্যান্ডার গাড়ি বাম দিকে মোড় নেওয়ার সময় তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পার্ক করা গাড়িতে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট গাড়ির চালক ঘটনাস্থলেই ছিলেন। তদন্তে সহযোগিতা করছেন।

নিহত ওয়ামিক টরন্টোপ্রবাসী মোর্শেদুর রহমান মামুন ও রওনক জাহান শান্তার একমাত্র সন্তান। তার বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে এবং মা স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত।

ওয়ামিকের অকাল মৃত্যুতে পরিবারসহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তাকে হাস্যোজ্জ্বল ও মেধাবী হিসেবে স্মরণ করছেন স্বজন ও পরিচিতজনেরা।