পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল সোমবার (২৫ মে) সন্ধ্যা থেকে। ৮ জিলহজ মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হবে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম। এরই মধ্যে সৌদি আরবে পৌঁছেছেন ১৫ লাখের বেশি বিদেশি হজযাত্রী। হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই এই সংখ্যা গত বছরের বিদেশি হাজিদের মোট সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।
শুক্রবার (২২ মে) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তরের হজ কমান্ডিং অফিসার সালেহ আল-মোরাব্বাহ এ তথ্য জানান। তিনি বলেন, চলতি বছর এখন পর্যন্ত ১৫ লাখ ১৮ হাজার ১৫৩ জন বিদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
তিনি জানান, সোমবার ৮ জিলহজ মিনায় অবস্থানের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থানের মধ্য দিয়ে পালিত হবে হজের মূল রোকন। আজ ও আগামীকাল আরও বিপুলসংখ্যক হজযাত্রী সৌদি আরবে পৌঁছাবেন বলেও জানান তিনি।
হজকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে সৌদি প্রশাসন। দেশটির সরকারি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মনসুর বিন নাসের আল-ফায়েজ পবিত্র স্থানগুলোতে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর কার্যক্রম পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, হাজিদের নিরাপত্তা ও সেবায় সংশ্লিষ্ট বাহিনীগুলো পূর্ণ প্রস্তুতি নিয়ে কাজ করছে। বিভিন্ন নিরাপত্তা ও সেবামূলক সংস্থার মধ্যে সমন্বয়ও সন্তোষজনক বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, এ সমন্বয়ের ফলে আল্লাহর মেহমানরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে হজের ইবাদত পালন করতে পারবেন।
উল্লেখ্য, ২০২৫ সালে মোট ১৬ লাখ ৭৩ হাজার ৩২০ জন মুসল্লি হজ পালন করেন। তাঁদের মধ্যে সৌদি আরবের বাইরে থেকে আসা হজযাত্রীর সংখ্যা ছিল ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন। এবার হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই সেই সংখ্যা ছাড়িয়ে যাওয়ায় ধারণা করা হচ্ছে, এবারের হজ আয়োজন গত বছরের তুলনায় আরও বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
