সোমবার, ২৫ মে ২০২৬

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তাল স্পেন

Author avatar
উত্তর আমেরিকা অফিস

রবিবার, মে ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তাল স্পেন

স্পেনের রাজধানী মাদ্রিদে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠদের বিরুদ্ধে ধারাবাহিক দুর্নীতির অভিযোগ ওঠার পর শনিবার এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, ‘সোসিয়েদাদ সিভিল এসপানিওলা’ নামের ১৫০টির বেশি নাগরিক সংগঠনের একটি জোট এ বিক্ষোভের আয়োজন করে। এতে সমর্থন দেয় প্রধান বিরোধী দল পপুলার পার্টি (পিপি) ও কট্টর ডানপন্থি দল ভক্স।

বিক্ষোভকারীদের অনেকে স্পেনের লাল-হলুদ পতাকা ও ‘যথেষ্ট হয়েছে’ লেখা প্ল্যাকার্ড হাতে মিছিলে অংশ নেন। একটি বড় ব্যানারে লেখা ছিল, ‘দুর্নীতির আর দায়মুক্তি নয়। এখনই পদত্যাগ ও নির্বাচন চাই।’

আয়োজকদের দাবি, প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। যদিও সরকারি হিসাবে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ৪০ হাজার। মিছিলটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের কাছে প্লাজা মনক্লোয়ায় গিয়ে শেষ হয়।

মিছিল শেষে কয়েকজন বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে দাঙ্গা পুলিশ তাদের সরিয়ে দেয়। তবে পুরো কর্মসূচি বেশির ভাগ সময় শান্তিপূর্ণ ছিল। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। সামান্য আহত হয়েছেন সাত পুলিশ সদস্য।

ভক্স নেতা সান্তিয়াগো অ্যাবাসকাল অভিযোগ করেন, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের ঘনিষ্ঠদের মধ্যে এমন কেউ নেই, যার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ ওঠেনি। তাঁর ভাষায়, ‘স্পেন এখন একটি দুর্নীতিগ্রস্ত চক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে।’

২০১৮ সালে দুর্নীতির অভিযোগে তৎকালীন রক্ষণশীল সরকার অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ক্ষমতায় আসেন সানচেজ। তবে বর্তমানে তাঁর নিজের ঘনিষ্ঠদের বিরুদ্ধেই একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে।

এরই মধ্যে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগে প্রধানমন্ত্রীর ভাই ডেভিড সানচেজের বিরুদ্ধে বিচার শুরুর প্রক্রিয়া চলছে। এ ছাড়া তাঁর স্ত্রী বেগোনা গোমেজ পৃথক একটি দুর্নীতি মামলায় তদন্তের মুখে রয়েছেন। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

প্রধানমন্ত্রী সানচেজ দাবি করেছেন, তাঁর পরিবারকে ঘিরে ওঠা এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।