সোমবার, ২৫ মে ২০২৬

সার্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রাজধানী

Author avatar
উত্তর আমেরিকা অফিস

রবিবার, মে ২৪, ২০২৬

সার্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রাজধানী

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন হাজারো মানুষ। শনিবার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নেতৃত্বে আয়োজিত সমাবেশ থেকে আগাম নির্বাচনের দাবি জানানো হয়। খবর আল-জাজিরার।

গত বছরের নভেম্বরে নোভি সাদ রেলস্টেশনে দুর্ঘটনায় ১৬ জন নিহত হওয়ার পর দেশজুড়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের সূচনা হয়। ওই ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবিতে শুরু হওয়া বিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচ পদত্যাগ করেন।

তবে পরবর্তীতে প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। একপর্যায়ে দমন-পীড়নের মুখে শিক্ষার্থীদের রাজপথের আন্দোলন অনেকটাই স্তিমিত হয়ে পড়ে। কিন্তু শনিবারের বিক্ষোভে আবারও উত্তপ্ত হয়ে ওঠে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া দুর্নীতিবিরোধী আন্দোলন ধীরে ধীরে বৃহত্তর রাজনৈতিক আন্দোলনে রূপ নিয়েছে। আন্দোলনকারীরা এখন প্রেসিডেন্ট ভুচিচের কাছে আগাম নির্বাচন ঘোষণার দাবি জানাচ্ছেন।

এ সপ্তাহে ভুচিচ জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা হতে পারে। তবে এ বিষয়ে তিনি এখনো কোনো নির্দিষ্ট রূপরেখা প্রকাশ করেননি।