ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ার প্রভাব পড়েছে বিশ্ব তেলের বাজারে। বুধবার (২৭ মে) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ মার্কিন ডলার ছাড়িয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার আশা কমে যাওয়ায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে চলমান সংকট ও বাজারের অনিশ্চয়তার কারণে তেলের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।
এর আগে গত মাসের শেষ দিকে মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধি এবং হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় তেলের দাম ব্যারেলপ্রতি ১২৬ ডলার ছাড়িয়ে যায়। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে উপসাগরীয় দেশগুলো আবারও স্বাভাবিকভাবে তেল রপ্তানি শুরু করতে পারবে বলে আশা করেছিলেন ব্যবসায়ীরা। সেই প্রত্যাশায় সোমবার ব্রেন্ট ক্রুডের দাম নেমে আসে প্রায় ৯৭ ডলারে।
জ্বালানি গবেষণা সংস্থা ‘এইচএফআই রিসার্চ’ গত সপ্তাহে এক বিশ্লেষণে বলেছে, তেলের বাজার এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখান থেকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরা কঠিন হতে পারে।
বিশ্লেষকদের মতে, কয়েক সপ্তাহ ধরে সরবরাহব্যবস্থায় ব্যাঘাতের কারণে বৈশ্বিক তেল মজুত কমে এসেছে। একই সঙ্গে গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুম সামনে থাকায় পরিবহন জ্বালানির চাহিদাও বাড়তে পারে।
