বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

উত্তেজনায় ঊর্ধ্বমুখী তেলের দাম, পাঁচ সপ্তাহের সর্বোচ্চে ব্রেন্ট

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বুধবার, জুলাই ২২, ২০২৬

উত্তেজনায় ঊর্ধ্বমুখী তেলের দাম, পাঁচ সপ্তাহের সর্বোচ্চে ব্রেন্ট

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। বুধবার (২২ জুলাই) ব্রেন্ট ক্রুডের দাম গত পাঁচ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৯২ দশমিক ১০ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮২ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ১৬ ডলারে লেনদেন হয়।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ উদ্বেগই তেলের বাজারে দাম বাড়ার অন্যতম কারণ।

এদিকে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের তেলবাহী জাহাজ লক্ষ্য করার হুমকি দিয়েছে এবং বাব আল-মান্দেব প্রণালিতে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে চীন ও ভারতের উদ্দেশে সৌদি তেল বহনকারী কয়েকটি ট্যাংকার লোহিত সাগরের পথ এড়িয়ে সুয়েজ খালের দিকে যাত্রা শুরু করেছে।

বিশ্লেষকদের ধারণা, জাহাজ চলাচলের পথ পরিবর্তন হলে এশিয়াগামী তেল পরিবহনে সময় ও ব্যয় দুটোই বাড়তে পারে।

অন্যদিকে কৃষ্ণসাগর অঞ্চলেও তেল সরবরাহ নিয়ে নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইউক্রেনীয় ড্রোন হামলার পর কাজাখস্তানের তেল রপ্তানির গুরুত্বপূর্ণ রুট ক্যাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম (সিপিসি) সাময়িকভাবে তেল গ্রহণ বন্ধ করেছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে কাজাখস্তানকে উৎপাদন কমানোর বিষয়েও ভাবতে হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানি মজুতের সর্বশেষ তথ্যে দেখা গেছে, দেশটির অপরিশোধিত তেল ও ডিজেলের মজুত বেড়েছে, তবে পেট্রলের মজুত কমেছে। বাজার এখন যুক্তরাষ্ট্রের সরকারি জ্বালানি মজুতের আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশের অপেক্ষায় রয়েছে।