সৌদি আরবের মক্কা অঞ্চলে ভারি বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার আশঙ্কায় সর্বোচ্চ স্তরের আবহাওয়া সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)।
সৌদি সিভিল ডিফেন্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মক্কার বিভিন্ন এলাকায় চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সিভিল ডিফেন্স জানিয়েছে, ভারি বৃষ্টির সময় জলাবদ্ধ এলাকা, উপত্যকা ও বাঁধের আশপাশ এড়িয়ে চলতে হবে। আকস্মিক বন্যার ঝুঁকি থাকায় এসব এলাকায় অবস্থান না করার জন্যও সতর্ক করা হয়েছে।
এনসিএমের ‘রেড অ্যালার্ট’ হলো দেশটির সর্বোচ্চ স্তরের আবহাওয়া সতর্কতা। চরম আবহাওয়ার আশঙ্কা দেখা দিলে এই সতর্কতা জারি করা হয়।
সাম্প্রতিক দিনগুলোতে মক্কা প্রদেশের বিভিন্ন এলাকায় অস্থিতিশীল আবহাওয়া বিরাজ করছে। কোথাও কোথাও বিভিন্ন মাত্রায় বৃষ্টিপাতও হয়েছে।
এর আগে ২১ আগস্ট আল-আরদিয়াত ও আল-কুনফুদাহ এলাকায় ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করেছিল এনসিএম। তখন ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি, বজ্রঝড় ও আকস্মিক বন্যার আশঙ্কার কথাও জানানো হয়েছিল।
