চাকরি হারানোর পর নতুন কাজ খোঁজার জন্য যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীরা যে অতিরিক্ত ৬০ দিন থাকার সুযোগ পান, তা বাতিলের প্রস্তাব করেছে ট্রাম্প প্রশাসন। এইচ-১বি ভিসাধারীদের পাশাপাশি আরও কয়েক ধরনের ভিসাধারী এই পরিবর্তনের আওতায় পড়তে পারেন।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) প্রকাশিত প্রস্তাবিত নিয়মে এ পরিবর্তনের কথা বলা হয়েছে।
বর্তমান নিয়ম অনুযায়ী, চাকরি হারানোর পর বিদেশি কর্মীরা সর্বোচ্চ ৬০ দিন যুক্তরাষ্ট্রে থেকে নতুন চাকরি বা ভিসার স্পনসর খুঁজতে পারেন। ২০১৭ সালে এই সুযোগ চালু করা হয়। প্রস্তাবটি কার্যকর হলে এই বাড়তি সময়ের সুযোগ আর থাকবে না। ফলে চাকরি শেষ হওয়ার পর সংশ্লিষ্ট কর্মীদের দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে।
অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, অনেক এইচ-১বি ভিসাধারী বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখানে তাঁদের পরিবার, বাড়ি ও সন্তানদের পড়াশোনা রয়েছে। হঠাৎ করে দেশ ছাড়তে হলে তাঁদের বড় ধরনের সমস্যায় পড়তে হতে পারে।
প্রস্তাবিত নিয়মের প্রভাব পড়তে পারে প্রযুক্তি খাতেও। যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি ও পরামর্শক প্রতিষ্ঠানগুলো ভারত, চীনসহ বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে এইচ-১বি ভিসার ওপর নির্ভর করে।
এইচ-১বি ছাড়াও ই-১, ই-২, এল-১, ও-১ ও টিএন ভিসাধারীরা প্রস্তাবিত পরিবর্তনের আওতায় পড়তে পারেন। এ ছাড়া সিঙ্গাপুর ও চিলির দক্ষ কর্মীদের জন্য এইচ-১বি১ এবং অস্ট্রেলিয়ার বিশেষায়িত কর্মীদের জন্য ই-৩ ভিসাধারীরাও এর আওতায় থাকবেন।
তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। নিয়মটি চূড়ান্ত করার আগে ৬০ দিন জনসাধারণের মতামত নেওয়া হবে। এরপর মতামত পর্যালোচনা করে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
