ইরানকে ঘিরে সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় যুক্তরাষ্ট্রের ২১ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৮৬৫ জন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
পেন্টাগনের ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেমের (ডিসিএএস) তথ্য অনুযায়ী, গত ৯ অক্টোবর পর্যন্ত এসব হতাহতের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। সর্বশেষ হিসাবের সঙ্গে আগের পরিসংখ্যানের তুলনা করলে দেখা যায়, নিহতের সংখ্যা বেড়েছে দুইজন এবং আহতের সংখ্যা বেড়েছে চারজন।
পেন্টাগনের প্রকাশিত হিসাবে শুধু সরাসরি যুদ্ধে নিহত সেনাসদস্যরাই নন, ইরানবিরোধী সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিরাও অন্তর্ভুক্ত রয়েছেন।
তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রকৃত হতাহতের সংখ্যা নিয়ে সংশয় দেখা দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭ জুলাইয়ের পর কিছু হতাহতের ঘটনা ‘অপারেশন এপিক ফিউরি’র আওতাভুক্ত হিসাব থেকে পৃথকভাবে নথিভুক্ত করা হয়েছে। ফলে সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট মোট নিহত ও আহতের সংখ্যা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে।
এর আগে সেপ্টেম্বরের শুরুতে পেন্টাগনের প্রকাশিত তথ্যে ইরান সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় ১৮ মার্কিন সেনাসদস্য নিহত এবং ৮২০ জন আহত হওয়ার কথা জানানো হয়েছিল। সে সময় নিহত ও আহত মিলিয়ে মোট সামরিক হতাহতের সংখ্যা ছিল ৮৩৮।
