শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মিশিগানে ইহুদি ভোটারদের অর্ধেকের সমর্থন পেয়েছেন এল-সাইয়েদ

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

মিশিগানে ইহুদি ভোটারদের অর্ধেকের সমর্থন পেয়েছেন এল-সাইয়েদ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে ইহুদি ভোটারদের ৫০ শতাংশের সমর্থন পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সাইয়েদ। নির্দলীয় একটি ইহুদি সংগঠনের অর্থায়নে পরিচালিত জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপে দেখা গেছে, মিশিগানের ইহুদি ভোটারদের মধ্যে এল-সাইয়েদ পেয়েছেন ৫০ শতাংশ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স পেয়েছেন ৪৩ শতাংশ।

ইসরায়েলের কঠোর সমালোচক হিসেবে পরিচিত এল-সাইয়েদকে নিয়ে নির্বাচনী প্রচারের পুরো সময়জুড়েই ইহুদি ভোটারদের অবস্থান আলোচনায় ছিল। বিশেষ করে ইসরায়েলবিরোধী তাঁর স্পষ্ট অবস্থানের কারণে এ নিয়ে বিতর্ক তৈরি হয়।

মিশিগানের একটি সিনাগগে সন্ত্রাসী হামলার পর এল-সাইয়েদের একটি মন্তব্যও সমালোচনার জন্ম দেয়। ওই হামলার পর তিনি বলেছিলেন, ‘আহত মানুষই অন্যকে আঘাত করে।’ পরে এ মন্তব্যের জন্য ক্ষমা চান তিনি।

এ পরিস্থিতিতে ঐতিহাসিকভাবে ডেমোক্র্যাটদের সমর্থন দিয়ে আসা ইহুদি ভোটাররা এবার এল-সাইয়েদকে কতটা সমর্থন দেবেন, তা নিয়ে নির্বাচনের আগে আলোচনা তৈরি হয়েছিল।

গত ২৫ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স পরিচালিত জরিপে ৮৮৩ জন ইহুদি ভোটারের মতামত নেওয়া হয়। জরিপের ত্রুটির হার ৩ দশমিক ৯ শতাংশ। এতে দেখা গেছে, অঙ্গরাজ্যজুড়ে ইহুদি ভোটারদের মধ্যে মাইক রজার্সের চেয়ে ৭ শতাংশ পয়েন্ট বেশি সমর্থন পেয়েছেন এল-সাইয়েদ।

তবে একই জরিপে নবনির্বাচিত ডেমোক্র্যাট গভর্নর জোসেলিন বেনসনের চেয়ে পিছিয়ে ছিলেন এল-সাইয়েদ। ইহুদি ভোটারদের মধ্যে বেনসন পেয়েছেন ৬৯ শতাংশের সমর্থন।

অন্যদিকে ইহুদি জনগোষ্ঠীর ঘনবসতিপূর্ণ ওকল্যান্ড কাউন্টিতে দেখা গেছে ভিন্ন চিত্র। সিনাগগে হামলার ঘটনাটি এই কাউন্টিতেই ঘটেছিল। সেখানে ইহুদি ভোটারদের মধ্যে রজার্স পেয়েছেন ৫২ শতাংশ সমর্থন। আর এল-সাইয়েদের পক্ষে ভোট দিয়েছেন ৩৯ শতাংশ।

উল্লেখ্য, মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ ২৫ লাখ ২০ হাজার ৮৮৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। মোট ভোটের ৫২ দশমিক ৫ শতাংশ পেয়েছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স পেয়েছেন ২১ লাখ ৮১ হাজার ১০৮ ভোট, যা মোট ভোটের ৪৫ দশমিক ৫ শতাংশ।

সূত্র: টাইমস অব ইসরায়েল