মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃষি আমদানির ওপর নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তের পাশাপাশি কৃষকদের জন্য ১২ বিলিয়ন ডলারের বিশেষ সহায়তা তহবিল ঘোষণা করেছেন। গতকাল সোমবার হোয়াইট হাউসে এক বৈঠক শেষে তিনি জানান, শুল্ক থেকে অর্জিত অর্থই এই তহবিলের যোগান দেবে।
ট্রাম্প বলেন, ‘সহায়তাটি কৃষকদের উৎপাদন বজায় রাখতে এবং আগামী মৌসুমের প্রস্তুতি নিতে সহায়তা করবে। তিনি বলেন, কৃষকেরা ভর্তুকি নয়—সমান সুযোগ চান। আর এই সহায়তা তাদের আরও শক্তিশালী করবে।’
কৃষি সচিব ব্রুক রোলিন্স জানান, তহবিলের ১১ বিলিয়ন ডলার ‘ব্রিজ পেমেন্ট’ হিসেবে একবারে দেওয়া হবে। বাকি অর্থ অন্যান্য ফসলের জন্য ধারাবাহিকভাবে বরাদ্দ করা হবে। সব অর্থ আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে বিতরণ শেষ করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, কত অর্থের জন্য আবেদন করতে পারবেন তা কয়েক সপ্তাহের মধ্যে কৃষকদের জানানো হবে।
চীন ও আরও কয়েকটি দেশের সঙ্গে কৃষি আমদানিকে কেন্দ্র করে বাণিজ্য উত্তেজনা এবং শুল্ক নীতির অনিশ্চয়তায় কৃষকদের যে ক্ষতি হয়েছে, তা পূরণ করতেই এই উদ্যোগ। এদিকে, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বর্তমানে যাচাই করছে—শুল্ক আরোপে প্রেসিডেন্টের ক্ষমতা আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের সীমা অতিক্রম করছে কি না।
চীন সাম্প্রতিক সময়ে আবার মার্কিন সয়াবিন কেনা শুরু করেছে, যা দুই দেশের পূর্ববর্তী সমঝোতার অংশ। ওই চুক্তির ভিত্তিতে শুল্ক হার সমন্বয় করা হয় এবং চীন ফেন্টানিল চোরাচালান ও বিরল খনিজ রপ্তানিতে নতুন ব্যবস্থা নেয়।
ট্রাম্প অবশ্য শুল্ক নীতিকে এখনও অর্থনীতির জন্য সহায়ক বলে মনে করেন। তার দাবি, কৃষকেরা মূলত অতীতের উচ্চ মুদ্রাস্ফীতি, জ্বালানি-ব্যয়ের চাপ এবং কৃষিপণ্যের সরঞ্জামের সীমাবদ্ধতায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
২০১৮ সালে প্রথম মেয়াদে ট্রাম্প একই ধরনের ১২ বিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছিলেন। নতুন তহবিলটি সেই উদ্যোগেরই হালনাগাদ সংস্করণ হিসেবে দেখা হচ্ছে।
