ভেনেজুয়েলায় চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গভীরভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে ইইউ সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস এক বিবৃতিতে জানান, তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং কারাকাসে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন।
কালাস বলেন, “ইউরোপীয় ইউনিয়ন আগেও একাধিকবার স্পষ্ট করেছে যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বৈধতা নেই। ইইউ সব সময় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পক্ষে অবস্থান নিয়েছে।”
তিনি আরও যোগ করেন, “যে কোনো পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতির মধ্যে থাকতে হবে। এসবের বাইরে কোনো কার্যক্রম গ্রহণযোগ্য হবে না।”
এছাড়া, ভেনেজুয়েলায় অবস্থানরত ইউরোপীয় নাগরিকদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান কায়া কালাস। তিনি বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে ইউরোপীয় নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাই ইইউর প্রধান লক্ষ্য।
যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা সরকারের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের এই অবস্থান আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
