কুয়েতে উৎসবমুখর পরিবেশে ইংরেজি নতুন বছর উপলক্ষে গেট-টুগেদার ও প্রীতিভোজের আয়োজন করেছে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত। শুক্রবার (২ জানুয়ারি) দেশটির জিলিব আল সুয়েখ এলাকার একটি স্থানীয় রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের নবীন ও প্রবীণ সংবাদকর্মীদের মিলনমেলা ঘটে। বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক মো. হেব্জু মিয়া, যুগ্ম সম্পাদক আহাদ আম্বিয়া খোকন, আলাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক পাভেল এবং সদস্য এবাদুর রহমান ও লুতফুর রহমান রাজুসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী বছরের কার্যক্রম পর্যালোচনা এবং নতুন বছরে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আরও সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন প্রেসক্লাবের নেতারা।
বক্তারা বলেন, প্রবাসে সাংবাদিকতা শুধু একটি পেশা নয়; এটি দেশের ভাবমূর্তি রক্ষা এবং প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের অধিকার আদায়ের গুরুত্বপূর্ণ মাধ্যম। নতুন বছরে ঐক্যবদ্ধভাবে প্রবাসীদের সুখ-দুঃখের অংশীদার হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নাগরিক টিভির নবনিযুক্ত কুয়েত প্রতিনিধি এবাদুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া। এ সময় তার মেধা ও কর্মস্পৃহা প্রশংসা করে বক্তারা বলেন, নবীনদের হাত ধরেই সাংবাদিকতা আরও আধুনিক ও গতিশীল হয়ে উঠবে।
নাগরিক টিভি কুয়েত পরিবারের পক্ষ থেকে প্রীতিভোজ আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রেসক্লাব নেতারা।
