বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই জাতিসংঘের

Author avatar
উত্তর আমেরিকা অফিস

মঙ্গলবার, জানুয়ারী ৬, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই জাতিসংঘের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে কোনো নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা জাতিসংঘের নেই বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় নিয়মিত ব্রিফিংয়ে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক এ তথ্য জানান।

ব্রিফিংয়ে দুজারিক বলেন, জাতিসংঘ সাধারণত সরাসরি নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না, যদি না এ বিষয়ে সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের নির্দিষ্ট কোনো ম্যান্ডেট থাকে। তাঁর ভাষায়, “এটি বর্তমানে জাতিসংঘের কার্যক্রমের অংশ নয়।”

তবে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক কার্যালয় নির্বাচন-সংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কি না—সে বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে জানান মুখপাত্র। তিনি বলেন, বিভিন্ন দেশে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও সক্ষমতা বৃদ্ধিতে জাতিসংঘ প্রায়ই কারিগরি সহায়তা দিয়ে থাকে।

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর এবং সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জাতিসংঘের অবস্থান জানতে চাইলে দুজারিক বলেন, তিনি কোনো সংবাদ বা রাজনৈতিক ঘটনার মূল্যায়ন করেন না। সংবাদ বিশ্লেষণ ও মূল্যায়নের দায়িত্ব সাংবাদিকদের বলেও মন্তব্য করেন তিনি।

তবে তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের জনগণ যেন নিজেদের রাজনৈতিক মতামত স্বাধীন ও অবাধভাবে প্রকাশ করতে পারে—এমন একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার প্রক্রিয়াকে জাতিসংঘ সমর্থন করে যাবে।

এ সময় ব্রিফিংয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে স্তেফান দুজারিক বলেন, “তার মৃত্যুতে আমরা তার পরিবারের সদস্যদের প্রতি এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার প্রসঙ্গ এবং এর রাজনৈতিক তাৎপর্য নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র পুনরায় জানান, তিনি কোনো রাজনৈতিক ঘটনা বা সংবাদমূল্য নির্ধারণ করেন না। এ দায়িত্ব গণমাধ্যমের।

উল্লেখ্য, ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।