যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যুতে চলমান ধরপাকড়ের মধ্যে বাংলাদেশিদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় এ নিয়ে আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
সোমবার ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পরিসংখ্যানভিত্তিক তালিকা প্রকাশ করেন। এতে বিভিন্ন দেশের অভিবাসী পরিবার কত শতাংশ সরকারি সুবিধা গ্রহণ করছে, তা তুলে ধরা হয়। তালিকায় দেখা যায়, ১৯তম অবস্থানে থাকা বাংলাদেশি পরিবারগুলোর মধ্যে ৫৪ শতাংশের বেশি কোনো না কোনো ধরনের সরকারি সহায়তা পাচ্ছে।
ট্রাম্প দীর্ঘদিন ধরে অভিবাসনবিরোধী অবস্থান নিয়ে বলে আসছেন, অভিবাসীরা যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। তিনি সরকারি সুযোগ-সুবিধা সীমিত করার পক্ষে। ফলে তার সাম্প্রতিক পোস্ট অভিবাসী কমিউনিটিগুলোর মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আইনজীবী মঈন চৌধুরী বলেন, যারা আইন মেনে বৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে কেউ যদি ভুল তথ্য দিয়ে বা অবৈধভাবে সরকারি সুবিধা গ্রহণ করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি স্থায়ী বসবাসের অনুমতি (গ্রিন কার্ড) বাতিলের ঝুঁকিও থাকতে পারে বলে তিনি জানান।
এদিকে ট্রাম্প ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কসহ পাঁচটি অঙ্গরাজ্যের জন্য ১০ বিলিয়ন ডলারের বেশি ফেডারেল সহায়তা বন্ধ করার ঘোষণা দিয়েছেন। বিশ্লেষকদের মতে, এর ফলে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যগুলোতে শিশু পরিচর্যা (চাইল্ড কেয়ার) ও সামাজিক সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
সাম্প্রতিক এসব ঘোষণার কারণে যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে যেসব পরিবার সরকারি সামাজিক সহায়তার ওপর নির্ভরশীল।
