বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম এক লাফে বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ এড়িয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুর দিকে ঝুঁকছেন।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৯ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৬৩ দশমিক ৩৭ ডলারে দাঁড়িয়েছে। দিনের এক পর্যায়ে স্বর্ণের দাম সর্বোচ্চ ৪ হাজার ৬৮৯ দশমিক ৩৯ ডলার পর্যন্ত ওঠে, যা নতুন রেকর্ড।
এদিকে, ফেব্রুয়ারির মার্কিন স্বর্ণ ফিউচার ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৬৯ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে।
বিশ্লেষকরা বলছেন, ইউরোপীয় দেশগুলোর ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড ইস্যুতে শুল্ক আরোপের হুমকি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এতে বিনিয়োগকারীরা স্বর্ণ ও রুপার মতো নিরাপদ সম্পদের দিকে আরও বেশি ঝুঁকছেন।
একই দিনে রুপার দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৯২ দশমিক ৯৩ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও ঊর্ধ্বমুখী। প্লাটিনামের দাম বেড়ে প্রতি আউন্স ২ হাজার ৩৪৮ দশমিক ৩২ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ হাজার ৮০৮ দশমিক ৪৬ ডলারে পৌঁছেছে।
স্টোনএক্সের বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, “ভূরাজনৈতিক উত্তেজনা স্বর্ণের দামে ঊর্ধ্বগতি তৈরি করছে। নিরাপদ আশ্রয় হিসেবে বিনিয়োগকারীদের ঝোঁক এখন আরও শক্তিশালী হয়েছে।”
বিশেষজ্ঞদের মতে, চলমান রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম নতুন ইতিহাস সৃষ্টি করেছে। বিনিয়োগকারীরা ঝুঁকি কমিয়ে নিরাপদ সম্পদে বিনিয়োগকে অগ্রাধিকার দিচ্ছেন।
