বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

অস্ট্রেলিয়ায় গুলিতে নিহত ৩, হামলাকারী পলাতক

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বৃহস্পতিবার, জানুয়ারী ২২, ২০২৬

অস্ট্রেলিয়ায় গুলিতে নিহত ৩, হামলাকারী পলাতক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের লেক কারজেলিগো শহরে একাধিক গোলাগুলির ঘটনায় তিনজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী এখনও পলাতক রয়েছেন। (সূত্র: বিবিসি)

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে আবাসিক এলাকার একটি বাড়িতে জরুরি সেবা দলকে ডাকা হয়। প্রথমে একটি গাড়ির ভেতর থেকে এক পুরুষ ও এক নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে একই এলাকায় আরও এক নারী নিহত হন এবং এক পুরুষ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি একটি গাড়ি ব্যবহার করে ঘটনাস্থল থেকে পালিয়েছে। পুলিশ অভিযান চালাচ্ছে এবং শহরের বিভিন্ন স্থানে একাধিক অপরাধস্থল শনাক্ত করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, ঘটনার পেছনে পারিবারিক সহিংসতার সম্ভাবনা থাকতে পারে। তবে পুলিশ সহকারী কমিশনার অ্যান্ড্রু হল্যান্ড এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন।

অ্যান্ড্রু হল্যান্ড স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কারণে ঘরের ভিতরে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ছোট শহরে এমন প্রাণঘাতী ঘটনা সবাইকে গভীরভাবে নাড়া দেয়। আগ্নেয়াস্ত্রের ব্যবহার জনমনে ভয় ও আতঙ্ক তৈরি করে। জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।”

পুলিশ সন্দেহভাজনকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।