বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ইলহান ওমরের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

Author avatar
উত্তর আমেরিকা অফিস

সোমবার, জানুয়ারী ২৬, ২০২৬

ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ইলহান ওমরের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ডেমোক্র্যাট দলীয় মুসলিম নারী সদস্য ইলহান ওমরের সম্পদের বিষয়ে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে পুলিশের গুলিতে এক বিক্ষোভকারীর নিহত হওয়ার ঘটনায় ট্রাম্প প্রশাসন যখন তীব্র সমালোচনার মুখে, ঠিক সেই সময় এই ঘোষণা দেন তিনি। খবর আল জাজিরার।

সোমবার (২৬ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, সীমান্ত নিরাপত্তাবিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টম হোম্যানকে মিনেসোটায় পাঠানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। শনিবার ভোরে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের গুলিতে ৩৭ বছর বয়সী নার্স অ্যালেক্স প্রেট্টি নিহত হওয়ার পর থেকেই সেখানে বিক্ষোভ চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, টম হোম্যান একজন ‘কঠোর কিন্তু ন্যায়পরায়ণ’ কর্মকর্তা এবং তিনি সরাসরি প্রেসিডেন্টকে রিপোর্ট করবেন। একই পোস্টে ট্রাম্প মিনেসোটায় সংঘটিত ২০ বিলিয়ন ডলারের বেশি কল্যাণ তহবিল জালিয়াতির একটি তদন্তের কথাও উল্লেখ করেন। তার দাবি, ওই জালিয়াতি ও চলমান সহিংস ও সংগঠিত বিক্ষোভের মধ্যে যোগসূত্র রয়েছে।

পোস্টে ট্রাম্প আরও বলেন, কংগ্রেস সদস্য ইলহান ওমরের সম্পদের বিষয়েও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও কংগ্রেস তদন্ত করছে। তিনি দাবি করেন, সোমালিয়া থেকে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আসা ইলহান ওমরের বর্তমান সম্পদের পরিমাণ নাকি ৪৪ মিলিয়ন ডলারের বেশি। ‘সময়ই সব প্রমাণ করবে’—বলে মন্তব্য করেন ট্রাম্প।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছরে ইলহান ওমরের সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর পেছনে তার বর্তমান স্বামীর আর্থিক অবস্থার ভূমিকা রয়েছে বলে উল্লেখ করা হয়। এর আগেও ট্রাম্প প্রকাশ্যে তার রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে তদন্ত শুরুর আহ্বান জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির প্রতি।

গত সপ্তাহেও ট্রাম্প ইলহান ওমরের বিরুদ্ধে আর্থিক ও রাজনৈতিক অনিয়মের অভিযোগ তুলে তদন্ত শুরু করার দাবি জানান।

সোমালি বংশোদ্ভূত ইলহান ওমর বর্তমানে ট্রাম্পের ঘনঘন আক্রমণের লক্ষ্যবস্তু। সমালোচকদের মতে, তাকে আক্রমণ করতে গিয়ে ট্রাম্প একাধিকবার ইসলামবিদ্বেষী ভাষা ব্যবহার করেছেন। মিনিয়াপোলিসকে প্রতিনিধিত্বকারী এই কংগ্রেস সদস্য ট্রাম্পের নীতি ও বক্তব্যের কড়া সমালোচক হিসেবে পরিচিত।

উল্লেখ্য, গত বছর ট্রাম্প প্রকাশ্যে ইলহান ওমরের সমালোচনা করতে গিয়ে সোমালি সম্প্রদায় সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন, যা সে সময় ব্যাপক বিতর্কের জন্ম দেয়।