বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

রমজানে ১২ লাখ রোজাদারের জন্য বিনা মূল্যে ইফতার

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বুধবার, জানুয়ারী ২৮, ২০২৬

রমজানে ১২ লাখ রোজাদারের জন্য বিনা মূল্যে ইফতার

পবিত্র রমজান মাসে বিশ্বের ১২ লাখ রোজাদারের জন্য বিনা মূল্যে ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছে শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল। সংস্থাটির বার্ষিক রমজান কর্মসূচি ‘জুদ’ (Jood)-এর আওতায় এই ইফতার কার্যক্রম পরিচালিত হবে।

সংস্থাটি জানিয়েছে, এবারের রমজানে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ নগরী ও আশপাশের বিভিন্ন এলাকায় মোট ৯ লাখ মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হবে। পাশাপাশি বিশ্বের ৫১টি দেশের আরও ৩ লাখ রোজাদারের কাছে এই ইফতার পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে সংস্থাটির মানবিক সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত হচ্ছে।

শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ সুলতান বিন খাদেম বলেন, ‘ইফতার ফর ফাস্টিং পারসন্স’ কর্মসূচিটি এখন কেবল খাদ্য বিতরণে সীমাবদ্ধ নেই। এটি সামাজিক সংহতি ও মানবিক সহমর্মিতার একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছে।

তিনি বলেন, রমজান মাসে প্রতিদিন হাজারো পরিবার, শ্রমজীবী মানুষ ও স্বল্প আয়ের জনগোষ্ঠী এই ইফতার কর্মসূচির ওপর নির্ভরশীল। এতে তাদের দৈনন্দিন জীবনযাত্রার চাপ অনেকটাই কমে আসে।

শারজাহ অঞ্চলে সর্বোচ্চসংখ্যক মানুষের কাছে ইফতার পৌঁছে দিতে বিভিন্ন স্থানে কৌশলগতভাবে বিতরণকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, বিদেশে ইফতার বিতরণ কার্যক্রম সংশ্লিষ্ট দেশগুলোর খাদ্যসংকটে থাকা ও কঠিন জীবনযাপনে থাকা মানুষের সহায়তায় সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে বাস্তবায়ন করা হবে।

এই মানবিক উদ্যোগে সহায়তার আহ্বান জানিয়ে আব্দুল্লাহ সুলতান বিন খাদেম বলেন, সংস্থাটির ওয়েবসাইট, এসএমএস ডোনেশন, কল সেন্টার, স্মার্ট ডোনেশন স্ক্রিন, মোবাইল অ্যাপ এবং অ্যাপল পে ও স্যামসাং পের মতো ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে অনুদান দেওয়া যাবে।

তিনি আরও বলেন, অনুদানের পরিমাণ যতই হোক না কেন, প্রতিটি সহায়তা এই কর্মসূচির পরিধি বাড়াতে সহায়ক হবে। এর মাধ্যমে দাতারা রমজানজুড়ে শত শত রোজাদারকে ইফতার করানোর সওয়াবের অংশীদার হতে পারবেন।

সূত্র : গালফ নিউজ