বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

আবারও স্বর্ণের দামে নতুন রেকর্ড

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বুধবার, জানুয়ারী ২৮, ২০২৬

আবারও স্বর্ণের দামে নতুন রেকর্ড

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও ইতিহাস গড়েছে। প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৩০০ ডলারের ঘর ছুঁয়েছে। যুক্তরাষ্ট্রের ডলারের ওপর আস্থাহীনতা এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ায় এ রেকর্ড সৃষ্টি হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বুধবার (২৮ জানুয়ারি) গ্রিনিচ সময় দুপুর ১২টা ২৫ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ২৬৬ দশমিক ২২ ডলারে পৌঁছায়। দিনের লেনদেনের এক পর্যায়ে দাম সর্বোচ্চ ৫ হাজার ৩১১ দশমিক ৩১ ডলারে উঠেছিল, যা স্বর্ণের ইতিহাসে সর্বোচ্চ। আগের সেশনেই স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি বেড়েছিল।

যুক্তরাষ্ট্রে ফেব্রুয়ারি মাসে ডেলিভারির জন্য গোল্ড ফিউচারসের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এদিন তা ৩ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৫ হাজার ২৬০ দশমিক ৪০ ডলারে দাঁড়ায়।

এক্সএস ডটকমের সিনিয়র মার্কেট বিশ্লেষক লিন ট্রান বলেন, স্বর্ণের এই উত্থান কেবল সাময়িক বাজার উদ্বেগের ফল নয়; বরং বৈশ্বিক মুদ্রা ও রাজস্ব ব্যবস্থার ওপর বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

এদিকে বুধবার চার বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি ছিল মার্কিন ডলার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডলারের দুর্বলতা নিয়ে উদ্বেগ উড়িয়ে দেওয়ায় ডলারভিত্তিক স্বর্ণ বিদেশি বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। পাশাপাশি ট্রাম্প শিগগিরই ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করবেন বলেও জানিয়েছেন। তাঁর দাবি, নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর সুদের হার কমানো হবে।

উইজডমট্রির পণ্য কৌশলবিদ নিতেশ শাহ বলেন, সম্ভাব্য যেকোনো প্রার্থীই বর্তমান চেয়ারম্যান জেরোম পাওয়েলের তুলনায় ট্রাম্পের রাজনৈতিক চাপে কম প্রতিরোধী হতে পারেন। এতে স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

চলতি বছরের শুরু থেকেই স্বর্ণের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে, যা গত বছরের শক্তিশালী ঊর্ধ্বগতির ধারাবাহিকতা বজায় রেখেছে। ডয়চে ব্যাংকের বিশ্লেষকদের মতে, বিনিয়োগ চাহিদা অব্যাহত থাকলে চলতি বছর স্বর্ণের দাম প্রতি আউন্স ৬ হাজার ডলারে পৌঁছাতে পারে।

অন্যদিকে, স্পট সিলভারের দাম বুধবার শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ১১২ দশমিক ৫৯ ডলারে দাঁড়ালেও চলতি বছরে রুপার দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে। সোমবার রুপার দাম সর্বোচ্চ ১১৭ দশমিক ৬৯ ডলার স্পর্শ করেছিল। একই সময়ে প্লাটিনামের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ২ হাজার ৬৫১ দশমিক ৯০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ৯৭০ দশমিক ৭৫ ডলারে পৌঁছেছে।