ক্রেতা কাছে এলেই মাটিতে লুটিয়ে পড়ে নিথর হয়ে যাওয়ার অভিনব আচরণের কারণে চীনের একটি মেষশাবক সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মাত্র ১০ দিনের এই মেষশাবককে নেটিজেনরা নাম দিয়েছেন ‘ড্রামা কুইন ল্যাম্ব’। অদ্ভুত এই আচরণের কারণেই প্রাণীটি রেকর্ড দামে বিক্রির প্রস্তাব পেয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, উত্তর-পশ্চিম চীনের নিংশিয়া অঞ্চলের শিজুইশান শহরের পিংলুও কাউন্টির বাওফেং টাউনের ঝংফাং গ্রামের কৃষক জিন শিয়াওলিন স্থানীয় বাজারে চারটি মেষশাবক বিক্রি করতে নিয়ে যান। এর মধ্যে তিনটি সহজেই ৪২০ ইউয়ান করে বিক্রি হলেও চতুর্থটি সবাইকে বিস্মিত করে তোলে। কেউ কাছে এলেই বা ধরতে চাইলে মেষশাবকটি হঠাৎ মাটিতে পড়ে নিথর হয়ে যায়—দেখে মনে হয় যেন মারা গেছে।
প্রথমে ক্রেতারা মেষশাবকটিকে অসুস্থ মনে করে কিনতে আগ্রহ দেখাননি। তবে আরও আশ্চর্যের বিষয় হলো, মানুষ সরে গেলেই সেটি উঠে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে হাঁটাচলা শুরু করে। জিনের ভাষ্য অনুযায়ী, মেষশাবকটি শিশুদের প্রতিই তুলনামূলকভাবে বেশি বন্ধুসুলভ আচরণ করে।
জিন শিয়াওলিন স্থানীয় গণমাধ্যম ‘নিংশিয়া অবজারভেশন’-কে বলেন, শেষ পর্যন্ত তিনি মেষশাবকটিকে বাড়িতে ফিরিয়ে আনেন। তাঁর ভাষায়, ‘এটা মানুষের মতোই আচরণ করে। কাউকে আসতে দেখলেই শুয়ে পড়ে, যেন মরে গেছে।’ তিনি জানান, প্রতিদিন মানুষ শুধু এই মেষশাবকটিকে দেখার জন্য তাঁর বাড়িতে আসেন, অনেকে আবার ফোন করে খোঁজ নেন।
জিন বলেন, ‘এত আদুরে একটি প্রাণী আমি কীভাবে বিক্রি করি?’
পরবর্তীতে জিনের এক আত্মীয় সামাজিক যোগাযোগমাধ্যমে মেষশাবকটির ভিডিও প্রকাশ করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। বিভিন্ন ভিডিওতে দেখা যায়, নানা পরিস্থিতিতে নাটকীয়ভাবে ‘মরার ভান’ করছে মেষশাবকটি। একাধিক প্ল্যাটফর্মে এসব ভিডিও ইতিমধ্যে এক কোটির বেশি ভিউ পেয়েছে। একটি অ্যাকাউন্টেই ৩২ হাজারের বেশি অনুসারী তৈরি হয়েছে।
ভাইরাল হওয়ার পর কেউ কেউ মেষশাবকটি কিনতে সর্বোচ্চ ১ লাখ ৩০ হাজার ইউয়ান পর্যন্ত প্রস্তাব দেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৩ লাখ টাকা। তবে জিন শিয়াওলিন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান, মেষশাবকটি বিক্রির কোনো পরিকল্পনা তাঁর নেই। বরং এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে স্থানীয় বিশেষ পণ্য প্রচারের কথা ভাবছেন।
এদিকে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিনই অনেক মানুষ জিনের বাড়িতে ভিড় করছেন ‘ড্রামা কুইন’ মেষশাবকটি একনজর দেখার জন্য। অনলাইনেও প্রতিদিন অসংখ্য মানুষ সেটিকে দেখতে আসার অনুমতি চাইছেন।
