পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)–এর প্রতিষ্ঠাতা ইমরান খান চিকিৎসা শেষে আবার আদিয়ালা কারাগারে ফিরেছেন। চোখের সমস্যার কারণে সম্প্রতি তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল।
শুক্রবার (৩১ জানুয়ারি) ইমরান খানের সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে একটি চিকিৎসা আপডেট প্রকাশ করা হয়।
পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (পিআইএমএস) নির্বাহী পরিচালক রানা ইমরান সিকান্দার জানান, পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষার পর ইমরান খানের চোখে একটি অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। খবরটি জানিয়েছে জিও নিউজ।
রানা ইমরান সিকান্দার বলেন, ইমরান খান ডান চোখে দৃষ্টিশক্তি কমে যাওয়ার কথা জানান। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রচলিত চিকিৎসা প্রোটোকল অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
তিনি আরও জানান, আদিয়ালা কারাগারের ভেতরেই একজন জ্যেষ্ঠ চিকিৎসক প্রাথমিকভাবে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করেন। পরে তাঁর শারীরিক অবস্থার সঠিক মূল্যায়নের জন্য প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। চিকিৎসা শেষে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
