প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এ বড় ধরনের কর্মী ছাঁটাই হয়েছে। ব্যয় সংকোচনের অংশ হিসেবে এক দিনেই প্রতিষ্ঠানটির প্রায় এক-তৃতীয়াংশ কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়েছে।
বুধবার এই ছাঁটাই কার্যক্রম সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে পত্রিকাটির নির্বাহী সম্পাদক ম্যাট মারে বলেন, ওয়াশিংটন পোস্টের মালিক জেফ বেজোস চান, পত্রিকাটি আরও বড়, সময়োপযোগী ও টেকসই একটি প্রতিষ্ঠানে রূপ নিক। তাঁর ভাষ্য অনুযায়ী, কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হলেও বেজোস এখনো প্রকাশনাটির ভবিষ্যৎ নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
তবে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এই ব্যাখ্যা সংবাদকর্মীদের উদ্বেগ দূর করতে পারেনি। পত্রিকাটির ভেতরে আশঙ্কা তৈরি হয়েছে যে, ভবিষ্যতে প্রতিষ্ঠানটির পরিসর আরও ছোট করার পরিকল্পনা থাকতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী জানান, বুধবার ওয়াশিংটন পোস্টের প্রায় প্রতি তিনজন কর্মীর একজনকে ছাঁটাই করা হয়েছে। ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে নিউজরুমের সদস্যই ৩০০ জনের বেশি।
এ পরিস্থিতিতে এক বিবৃতিতে দ্য পোস্ট গিল্ড জানায়, যদি জেফ বেজোস আর ওয়াশিংটন পোস্টের দীর্ঘমেয়াদি লক্ষ্য বাস্তবায়নে বিনিয়োগ করতে আগ্রহী না হন, তাহলে পত্রিকাটির জন্য নতুন একজন অভিভাবকের প্রয়োজন হতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, বহু প্রজন্ম ধরে ওয়াশিংটন পোস্ট সাংবাদিকতার মাধ্যমে লাখো মানুষের সেবা দিয়ে এসেছে এবং এখনো বিপুলসংখ্যক পাঠক এই সংবাদমাধ্যমের ওপর নির্ভরশীল।
