শনিবার, ০৬ জুন ২০২৬

ইরান যুদ্ধের প্রভাবে আরও কোটি মানুষ খাদ্যসংকটে পড়তে পারে: জাতিসংঘ

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শনিবার, জুন ৬, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাবে আরও কোটি মানুষ খাদ্যসংকটে পড়তে পারে: জাতিসংঘ


ইরানকে ঘিরে চলমান যুদ্ধ এবং জ্বালানির দাম বৃদ্ধির কারণে বিশ্বের বিভিন্ন দেশে খাদ্যসংকট আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

জাতিসংঘের এই সংস্থার আশঙ্কা, যুদ্ধ দীর্ঘায়িত হলে সোমালিয়ায় অতিরিক্ত ২৫ লাখ, আফগানিস্তানে ২৩ লাখ এবং শ্রীলঙ্কায় ১৩ লাখ মানুষ খাদ্যসংকটে পড়তে পারেন।

বিশ্ব খাদ্য কর্মসূচির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউ বলেন, জ্বালানি ও খাদ্যের দামের মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে। তেলের দাম বাড়লে খাদ্য উৎপাদন ও পরিবহন ব্যয়ও বৃদ্ধি পায়। এর ফলে খাদ্যের দাম বেড়ে যায়, যার সবচেয়ে বেশি প্রভাব পড়ে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর।

তিনি বলেন, বর্তমানে বিশ্বে ৩১ কোটি ৮০ লাখের বেশি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। যুদ্ধ এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে এ পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

জাতিসংঘের সংস্থাটি মনে করছে, সংঘাত দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক খাদ্যব্যবস্থার ওপর নতুন চাপ সৃষ্টি হবে এবং অনেক দেশে মানবিক সংকট আরও গভীর হতে পারে।