জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পার্ক করে রাখা একটি বোয়িং ৭৮৭ উড়োজাহাজের সামনের ল্যান্ডিং গিয়ার (নোজ গিয়ার) হঠাৎ ভেঙে পড়েছে। এ ঘটনায় কয়েকজন কর্মী আহত হয়েছেন। উড়োজাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান লুফথানসা এ তথ্য জানিয়েছে।
লুফথানসার এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে কোনো যাত্রী ছিলেন না। তবে ভেতরে ক্রু সদস্য ও গ্রাউন্ড স্টাফরা উপস্থিত ছিলেন। আহত কর্মীদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বার্তা সংস্থা রয়টার্সের এক আলোকচিত্রী জানান, দুর্ঘটনার পর উড়োজাহাজটির চারপাশে বেশ কয়েকটি জরুরি উদ্ধারকারী যান মোতায়েন করা হয়। নোজ গিয়ার ভেঙে যাওয়ার পর উড়োজাহাজটি আংশিকভাবে সামনের অংশ নিচু হয়ে মাটিতে ভর দিয়ে ছিল।
লুফথানসা জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। উড়োজাহাজটি এলএইচ৪৫০ ফ্লাইট হিসেবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উদ্দেশে যাত্রা করার কথা ছিল।
প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, “ঘটনার সঠিক কারণ ও পরিস্থিতি জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমরা কাজ করছি।”
লুফথানসা গ্রুপ বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ পরিচালনা করে। দুর্ঘটনায় পড়া উড়োজাহাজটি তাদের বহরের তুলনামূলক নতুন সংযোজন। জ্বালানি–সাশ্রয়ী আধুনিক উড়োজাহাজের ব্যবহার বাড়ানোর অংশ হিসেবে ধীরে ধীরে পুরোনো ও কম দক্ষ উড়োজাহাজ সরিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি।
সূত্র: ব্লুমবার্গ
