শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

গুগল ম্যাপে ৮ কোটি ৮০ লাখবার দেখা হয়েছে শাহাবুদ্দিন শুভর যুক্ত করা তথ্য

Author avatar
উত্তর আমেরিকা অফিস

বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

গুগল ম্যাপে ৮ কোটি ৮০ লাখবার দেখা হয়েছে শাহাবুদ্দিন শুভর যুক্ত করা তথ্য

কোনো নতুন জায়গায় যাওয়ার আগে ঠিকানা, যাতায়াতের পথ, খোলার সময় কিংবা আশপাশের ভালো রেস্তোরাঁর খোঁজ করেন অনেকেই। এসব তথ্য পেতে এখন গুরুত্বপূর্ণ মাধ্যম গুগল ম্যাপ। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের জন্য এই ডিজিটাল মানচিত্রে তথ্য যুক্ত ও হালনাগাদ করছেন বাংলাদেশি সাংবাদিক, লেখক ও গবেষক শাহাবুদ্দিন শুভ। তাঁর যুক্ত করা তথ্য এখন পর্যন্ত প্রায় ৮ কোটি ৮০ লাখবার দেখা হয়েছে।

গুগল ম্যাপের লোকাল গাইড কর্মসূচির আওতায় বিভিন্ন স্থানের ঠিকানা, ছবি, খোলার সময় ও পর্যালোচনা যুক্ত করেন শুভ। এসব তথ্যের মাধ্যমে ব্যবহারকারীরা কোনো স্থানে যাওয়ার আগে প্রয়োজনীয় ধারণা পেতে পারেন।

গুগল ম্যাপে বর্তমানে লেভেল-৭ লোকাল গাইড হিসেবে কাজ করছেন তিনি। এ পর্যন্ত তাঁর অবদানের সংখ্যা প্রায় ১ হাজার ২০০। এসব অবদানের বিপরীতে পেয়েছেন প্রায় ৫ হাজার ৩০০ পয়েন্ট। তবে তাঁর কাছে সবচেয়ে বড় অর্জন হলো, যুক্ত করা তথ্যগুলো প্রায় ৮ কোটি ৮০ লাখবার দেখা হয়েছে।

শুভর অবদানের বড় অংশ ফ্রান্সের বিভিন্ন স্থানকে ঘিরে। দেশটির দর্শনীয় স্থান, রেস্তোরাঁ ও বিভিন্ন সেবাপ্রতিষ্ঠানের তথ্য যুক্ত ও হালনাগাদ করেছেন তিনি। তাঁর লক্ষ্য, ফ্রান্সে ভ্রমণ করতে যাওয়া মানুষ যেন কোনো স্থানে যাওয়ার আগে সেখানকার সঠিক ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য সহজেই পেতে পারেন।

নিজের কাজের অভিজ্ঞতা সম্পর্কে শাহাবুদ্দিন শুভ বলেন, গুগল ম্যাপে তথ্য যোগ করা তাঁর কাছে শুধু একটি কাজ নয়, বরং ভালো লাগার বিষয়। কোনো স্থানের সঠিক ঠিকানা, খোলার সময়, ছবি কিংবা পর্যালোচনা অন্য কোনো ভ্রমণপিপাসু মানুষের কাজে এলে তিনি আনন্দ পান।

শুভর ভাষ্য, লোকাল গাইড হিসেবে তাঁর অর্জন এখনো ছোট। তবে নিজের যুক্ত করা তথ্য লাখো মানুষের কাজে আসছে, এটিই তাঁর কাছে বড় প্রাপ্তি। পয়েন্ট অর্জন বা ব্যক্তিগত প্রোফাইল সমৃদ্ধ করার চেয়ে মানুষের ভ্রমণ ও দৈনন্দিন চলাচল সহজ করতে পারাকেই বেশি গুরুত্ব দেন তিনি।

ডিজিটাল প্ল্যাটফর্মে সাধারণ ব্যবহারকারীদের অংশগ্রহণে কীভাবে বিশ্বজুড়ে তথ্যভান্ডার সমৃদ্ধ হতে পারে, শুভর কাজ তার একটি উদাহরণ। কোনো ব্যবহারকারীর যুক্ত করা একটি ছবি, ঠিকানা কিংবা অভিজ্ঞতা অন্য দেশের একজন মানুষেরও কাজে আসতে পারে।

ভবিষ্যতে বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, রেস্তোরাঁ ও সেবাপ্রতিষ্ঠানের তথ্য গুগল ম্যাপে যুক্ত করার পরিকল্পনা রয়েছে তাঁর। পাশাপাশি বিদেশের বিভিন্ন স্থানের তথ্যও নিয়মিত হালনাগাদ করতে চান।

এ কাজে অন্যদের সহযোগিতাও চান শুভ। তাঁর মতে, গুগল ম্যাপে কোনো তথ্য ভুল থাকলে বা নতুন কোনো তথ্য জানা থাকলে তা জানানো প্রয়োজন। সবার সম্মিলিত অংশগ্রহণে ডিজিটাল মানচিত্রকে আরও সমৃদ্ধ করা সম্ভব।