বিশ্ব চলচ্চিত্রের আঙিনায় আরও একটি গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করল মেজবাউর রহমান সুমন পরিচালিত বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র ‘রইদ’। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ১২তম ‘এশিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল’ এর মূল প্রতিযোগিতা বিভাগে ছবিটি সম্মানজনক ‘স্নো লেপার্ড প্রাইজ’ এর জন্য সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী ও সেরা চিত্রগ্রহণসহ মোট ৬টি বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছিল।
গত ১২ থেকে ১৯ নভেম্বর ক্যালিফোর্নিয়ার কালভার সিটিতে এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের অংশ হিসেবে ১৩ নভেম্বর দুপুর ১টায় কালভার থিয়েটারে ‘রইদ’ এর একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। কারও অনুকরণ না করে নিজস্ব শিকড় ও মাটির গল্প বলার যে অনন্য প্রয়াস নির্মাতা দেখিয়েছেন, আন্তর্জাতিক অঙ্গনে তারই স্বীকৃতি মিলছে। এই অর্জনে নির্মাতা ও ‘রইদ’ টিমের পাশাপাশি উত্তর আমেরিকাসহ বিশ্বজুড়ে বাংলা সিনেমার প্রসারে কাজ করা পরিবেশক প্রতিষ্ঠান ‘বায়োস্কোপ ফিল্মস’ এবং এর কর্ণধার রাজ হামিদও প্রবাসী দর্শকদের প্রশংসায় ভাসছেন।
‘হাওয়া’ খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রইদ’। নদীর পাড়ঘেঁষা এক গ্রামীণ জনপদের সাধারণ মানুষ সাদু (মোস্তাফিজুর নূর ইমরান), তার মানসিক ভারসাম্যহীন স্ত্রী (নাজিফা তুষি) এবং একটি লম্বা তালগাছকে ঘিরে আবর্তিত হয়েছে এর লোকজ ও মনস্তাত্ত্বিক আখ্যান। চিত্রশিল্পী এস এম সুলতানের কল্পনার গ্রামীণ বাংলার আবহ ফুটে ওঠা এই ছবিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ ও টুটুল ফকির।
‘বঙ্গ বিডি’ ও ‘ফেসকার্ড প্রোডাকশন’-এর প্রযোজনায় নির্মিত ছবিটি চলতি বছরের ফেব্রুয়ারিতে ৫৫তম রটারড্যাম ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ারের মাধ্যমে আন্তর্জাতিক যাত্রা শুরু করে। ২৮ মে বাংলাদেশে মুক্তির পর ৯৯তম অস্কারে বাংলাদেশ থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া এবং হলিউডের এই উৎসবে ৬টি বিভাগে স্থান করে নেওয়া বাংলা চলচ্চিত্রের বিশ্বযাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিল।
