অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় নতুন আশার সম্ভাবনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত একটি পরীক্ষামূলক ওষুধ। প্রতিদিন একটি করে বড়ি সেবনের পাশাপাশি কেমোথেরাপি নেওয়ার পর কয়েকজন রোগীর টিউমার ছোট হয়েছে। কারও কারও ক্ষেত্রে সিটি স্ক্যানে ক্যানসারের অস্তিত্বও শনাক্ত করা যায়নি। প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় পাওয়া এ ফলকে কয়েক দশকের মধ্যে অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় বড় অগ্রগতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
‘ড্যারাক্সনরাসিব’ নামের ওষুধটি কেমোথেরাপির সঙ্গে প্রয়োগ করে প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে। পরীক্ষায় অংশ নেওয়া ৬১ জন রোগীর প্রায় ৯০ শতাংশের ক্ষেত্রে টিউমারের বৃদ্ধি বন্ধ হয়েছে। তাঁদের সবারই অগ্রসর পর্যায়ের অগ্ন্যাশয়ের ক্যানসার ছিল এবং রোগটি শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়েছিল। পরীক্ষায় প্রতি ১২ জনের একজনের টিউমার সিটি স্ক্যানে আর শনাক্ত করা যায়নি।
তবে চিকিৎসকেরা বলছেন, ওষুধটি কত দিন ক্যানসারের অগ্রগতি ঠেকিয়ে রাখতে পারবে, তা এখনো নিশ্চিত নয়। তাই এটিকে ক্যানসার নিরাময়ের ওষুধ হিসেবে দেখার সুযোগ নেই।
যুক্তরাজ্যের ক্যানসার গবেষণা সংস্থা ক্যানসার রিসার্চ ইউকে এই ফলাফলকে অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি বলে অভিহিত করেছে।
সংস্থাটির চিকিৎসক স্যাম গডফ্রে বিবিসিকে বলেন, পরীক্ষার ফল অত্যন্ত আশাব্যঞ্জক। নতুন ওষুধটি এমন একটি জৈবিক প্রক্রিয়াকে নিয়ন্ত্রণের পথ দেখিয়েছে, যেটিকে এত দিন ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা অসম্ভব বলে মনে করা হতো।
তিনি আরও বলেন, অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় অবশেষে অগ্রগতি দেখা যাচ্ছে। এমন অগ্রগতি অনেক আগেই প্রয়োজন ছিল।
অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসা করা কঠিন। যুক্তরাজ্যে সাধারণ ক্যানসারগুলোর মধ্যে এ রোগে বেঁচে থাকার হার সবচেয়ে কম। কেমোথেরাপির মাধ্যমে টিউমার কিছুটা ছোট করা সম্ভব হলেও অনেক ক্ষেত্রে তা আবার বাড়তে শুরু করে। অগ্রসর পর্যায়ের ক্যানসারে আক্রান্ত অধিকাংশ রোগী কয়েক মাসের বেশি বাঁচেন না।
চিকিৎসকদের আশা, নতুন ওষুধটি ক্যানসার পুরোপুরি নির্মূল করতে না পারলেও রোগীদের বেঁচে থাকার সময় বাড়াতে পারে।
পরীক্ষায় অংশ নেওয়া রোগীদের গড়ে ১৮ মাস পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এ সময়ে কয়েকজনের শরীরে ক্যানসার ফিরে আসেনি। তবে রোগটি কত দিন নিয়ন্ত্রণে রাখা সম্ভব, তা জানতে আরও দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজন।
প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার ফল অনুযায়ী, ৯০ শতাংশ রোগীর টিউমারের বৃদ্ধি বন্ধ হয়েছে। ৬০ শতাংশের বেশি রোগীর টিউমার ছোট হয়েছে অথবা সিটি স্ক্যানে আর শনাক্ত করা যায়নি। প্রায় ৮ শতাংশ রোগীর ক্ষেত্রে টিউমার পুরোপুরি শনাক্তের বাইরে চলে গেছে।
যুক্তরাষ্ট্রে মোট ক্যানসার আক্রান্তের প্রায় ৩ শতাংশ অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হন। তবে দেশটিতে ক্যানসারে মোট মৃত্যুর প্রায় ৮ শতাংশের জন্য দায়ী এই রোগ। প্রতিবছর যুক্তরাষ্ট্রে এ রোগে প্রায় ৫৩ হাজার মানুষের মৃত্যু হয়।
ক্যানসার রিসার্চ ইউকের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে প্রতিবছর প্রায় ১১ হাজার ৫০০ মানুষের অগ্ন্যাশয়ের ক্যানসার শনাক্ত হয়। এ রোগে মারা যান প্রায় ১০ হাজার ২০০ জন। ব্রিটিশ অভিনেতা অ্যালান রিকম্যান ২০১৬ সালে অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হওয়ার পাঁচ মাস পর মারা যান।
অগ্ন্যাশয়ের ক্যানসারের লক্ষণগুলোর মধ্যে রয়েছে জন্ডিস, ত্বকে চুলকানি, প্রস্রাবের রং গাঢ় হওয়া, মলের রং ফ্যাকাশে হয়ে যাওয়া, অকারণে ওজন কমে যাওয়া, ক্লান্তি ও শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া।
সূত্র: বিবিসি
