নতুন ভৌগোলিক এলাকাতেও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা রয়েছে ইরানের। ক্ষেপণাস্ত্রের সংখ্যা, অবস্থান কিংবা স্থাপনার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই বলে দাবি করেছেন দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। তিনি বলেছেন, নির্দেশ পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বেলালি।
তিনি বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সক্ষমতা নিশ্চিত করা হয়েছে। নির্দেশ দেওয়া হলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’
বেলালি আরও বলেন, ‘ক্ষপণাস্ত্রের সংখ্যা, অবস্থান কিংবা স্থাপনার ক্ষেত্রে আমাদের কোনো সীমাবদ্ধতা রয়েছে, বিষয়টি এমন নয়।’
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দেশটির প্রতিপক্ষকে বিপুল অর্থ ব্যয় করে উন্নত প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তৈরি টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ব্যবস্থার উদাহরণ দেন এই কর্মকর্তা।
ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে উল্লেখ করে বেলালি বলেন, ‘তারা আঙুল ট্রিগারে রেখে শত্রুর যেকোনো ভুল হিসাব বা বেপরোয়া পদক্ষেপের অপেক্ষায় রয়েছে।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাবে শত্রুপক্ষ যেখানেই অবস্থান করুক না কেন, সেখানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে।
ইরানের প্রতিপক্ষ দেশগুলো মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে বলেও অভিযোগ করেন বেলালি। তাঁর দাবি, আলোচনা, সামরিক সরঞ্জাম স্থানান্তর, গোলাবারুদ পরিবহন ও সামরিক হুমকির মতো বিষয় সামনে এনে তারা সন্দেহ ও বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার কী মূল্য দিতে হয়, তা অঞ্চলের দেশগুলো বুঝতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: আল জাজিরা ও ইরনা
