নিউইয়র্ক সিটিতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি ফ্লাইট পরিচালিত হয়েছে। সোমবার জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর (জেএফকে) থেকে এই ডেমোনস্ট্রেশন ফ্লাইটটি চালায় বিমান চলাচল কর্তৃপক্ষ ও এভিয়েশন কোম্পানি জবী (জবী)।
পরীক্ষামূলক ফ্লাইটটি জেএফকে থেকে শুরু হয়ে ম্যানহাটনের ওয়েস্ট ৩০তম হেলিপোর্ট, এরপর ওয়াল স্ট্রিটের ডাউনটাউন স্কাইপোর্ট হয়ে আবার জেএফকে-তে ফিরে আসে। এটি নিউইয়র্কে প্রথম পয়েন্ট-টু-পয়েন্ট বৈদ্যুতিক ভার্টিকাল টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটিওএল) ফ্লাইট হিসেবে ইতিহাসে যুক্ত হলো।
জবী জানিয়েছে, তাদের ব্যাটারি চালিত এয়ার ট্যাক্সিগুলো হেলিকপ্টারের তুলনায় প্রায় ১০০ গুণ কম শব্দ করে এবং সম্পূর্ণরূপে কার্বন নিঃসরণমুক্ত।
নিউইয়র্ক ও নিউ জার্সি পোর্ট অথরিটির নির্বাহী পরিচালক ক্যাথরিন গার্সিয়া বলেন, ভবিষ্যতে এই প্রযুক্তি ব্যবহারে যাত্রীরা গাড়িতে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার বদলে অল্প সময়েই ম্যানহাটনে পৌঁছাতে পারবেন।
তবে বর্তমানে এই প্রযুক্তি এখনো যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর পূর্ণ সনদ পায়নি। কোম্পানিটি এখন চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়ার শেষ ধাপে রয়েছে। অনুমোদন সম্পন্ন হলে বাণিজ্যিক ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি নগর পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে, বিশেষ করে যানজটপূর্ণ শহরগুলোতে দ্রুত ও পরিবেশবান্ধব যাতায়াতের নতুন সম্ভাবনা তৈরি করবে।
