রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ওয়াশিংটনে ট্রাম্প-এপস্টেইন সংক্রান্ত ছবি ও ভিডিও প্রদর্শন

Author avatar
উত্তর আমেরিকা অফিস

শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

ওয়াশিংটনে ট্রাম্প-এপস্টেইন সংক্রান্ত ছবি ও ভিডিও প্রদর্শন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে একটি ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে একটি ভবনের বাইরে বড় স্ক্রিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মৃত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের ছবি ও ভিডিও প্রদর্শন করা হয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, শনিবার (২৫ এপ্রিল) ওয়াশিংটনের হিলটন হোটেলের বাইরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের বিভিন্ন ছবি এবং কিছু নথি প্রদর্শন করা হয় বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিবাদটি অনুষ্ঠিত হয় বার্ষিক হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ ডিনারের একদিন আগে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠান দেশটির গুরুত্বপূর্ণ রাজনৈতিক আয়োজনগুলোর একটি হিসেবে বিবেচিত হয়।

এবারের ডিনারটি বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন প্রথমবারের মতো এতে অংশ নিতে যাচ্ছেন। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে সাধারণত যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন প্রেসিডেন্ট উপস্থিত থাকেন। তবে অতীতে, প্রথম মেয়াদে এবং পরবর্তী সময়েও ট্রাম্প এ অনুষ্ঠানে অংশ নেননি।

গণমাধ্যমের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক দীর্ঘদিন ধরেই বিতর্কিত। তিনি বিভিন্ন সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করেছেন, সমালোচনামূলক প্রতিবেদনকে ভুয়া বলে অভিহিত করেছেন এবং সাংবাদিকদের উদ্দেশে কড়া মন্তব্য করেছেন। একইসঙ্গে তার প্রশাসনের সময় হোয়াইট হাউস ও পেন্টাগনে সাংবাদিকদের প্রবেশেও কিছু কড়াকড়ি আরোপ করা হয়।

তবে বিভিন্ন সময় তিনি সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি যোগাযোগও বজায় রেখেছেন। ব্যক্তিগত ফোনে যোগাযোগ এবং নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অংশ নেওয়ার মাধ্যমে তিনি গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক চালিয়ে গেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।