এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেলবাহী জাহাজ এম/টি টিফানিতে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরানকে সহায়তা প্রদানকারী জাহাজগুলোর বিরুদ্ধে চলমান বৈশ্বিক সামুদ্রিক আইন প্রয়োগ কার্যক্রমের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, ইরানকে উপকরণগত সহায়তা দেওয়া নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ ও সংশ্লিষ্ট অবৈধ নেটওয়ার্কের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এসব জাহাজ বিশ্বের যেখানেই চলাচল করুক না কেন, প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।
দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট তেল পরিবহন ও আর্থিক লেনদেনের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব জাহাজের মাধ্যমে নিষেধাজ্ঞা এড়িয়ে গোপনে তেল বাণিজ্য চালানো হচ্ছে।
সাম্প্রতিক এই অভিযানের প্রভাব ইতিমধ্যে এশিয়া প্যাসিফিক অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যপথে উদ্বেগ তৈরি করেছে। এর আগে হরমুজ প্রণালি, ওমান সাগরসহ আশপাশের গুরুত্বপূর্ণ নৌপথে একাধিক অভিযান চালিয়েছিল যুক্তরাষ্ট্র।
