বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

পাকিস্তানে এখনো যায়নি ইরানের কোনো প্রতিনিধি দল

Author avatar
উত্তর আমেরিকা অফিস

মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

পাকিস্তানে এখনো যায়নি ইরানের কোনো প্রতিনিধি দল

ইরান এখনো পাকিস্তানে কোনো প্রতিনিধি দল পাঠায়নি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা। মঙ্গলবার (২১ এপ্রিল) টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ইরনা বলেছে, এখন পর্যন্ত তেহরান থেকে ইসলামাবাদে কোনো উচ্চপর্যায়ের, মধ্যপর্যায়ের বা পূর্ববর্তী বৈঠকের ফলোআপ প্রতিনিধি দল পাঠানো হয়নি। আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন গণমাধ্যমে ইরানি প্রতিনিধিদের ইসলামাবাদে যাত্রা, পৌঁছানো বা সম্ভাব্য সফর নিয়ে যে খবর প্রকাশ হয়েছে, সেগুলোকে গুজব বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, মঙ্গলবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি হতে পারে। তার ওই মন্তব্যের পরই ইরানের প্রতিনিধি দলের সম্ভাব্য ইসলামাবাদ সফর নিয়ে জল্পনা ছড়ায়।

এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য ও সংসদ সদস্য মোহাম্মদ রেজা মোহসেনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই। তিনি মঙ্গলবার ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি-কে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রকে ‘অতিরিক্ত দাবিদার’ বলে মন্তব্য করেন এবং দেশটির বিরুদ্ধে অভ্যন্তরীণ স্বার্থে গোপন উদ্দেশ্য বাস্তবায়নের অভিযোগ তোলেন।

তিনি বলেন, সাম্প্রতিক উত্তেজনা, আগ্রাসন এবং অতীত আলোচনার অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ রাখা হয়েছে।

তবে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে তিনি বলেন, ইসলামাবাদে সম্ভাব্য আলোচনার সুযোগটি তেহরানের কাজে লাগানো উচিত।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইসলামাবাদ সফরে গিয়ে আলোচনায় অংশ নিতে প্রস্তুত আছেন। তার মতে, ইরানের জনগণের স্বার্থে গঠনমূলক সংলাপের মাধ্যমে উত্তেজনা কমানো জরুরি।