ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ঘিরে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অভিযোগ করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন এক যুদ্ধে জড়িয়েছেন, যা যুক্তরাষ্ট্রের জনগণ চায় না।
স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) এক ফান্ড রেইজিং অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে কমলা হ্যারিস বলেন, ‘ট্রাম্প এমন একটি যুদ্ধে জড়িয়েছেন, যেখানে তাকে জড়িয়েছেন নেতানিয়াহু। আমরা স্পষ্ট করে বলতে চাই এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জনগণের প্রত্যাশা নয়। এতে আমাদের সেনাদের ঝুঁকি বাড়ছে।’
হ্যারিসের এই মন্তব্যের তাৎক্ষণিক কোনো জবাব দেননি প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইসরায়েলকে সমর্থন জানিয়ে একটি পোস্ট করেছেন তিনি।
পোস্টে ট্রাম্প বলেন, ‘মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা জানে কীভাবে বিজয় অর্জন করতে হয়। তারা যুক্তরাষ্ট্রের অত্যন্ত নির্ভরযোগ্য মিত্র।’
তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েল সাহসী, নির্ভীক এবং কঠিন সময়েও নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম।
ট্রাম্প আরও লেখেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে অনেকেই পিছিয়ে গেলেও ইসরায়েল লড়াই চালিয়ে যাচ্ছে এবং বিজয় ছিনিয়ে আনতে জানে।
