মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জেরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট পদত্যাগ করেছেন বলে দাবি করেছে দক্ষিণ আফ্রিকার ইরানি দূতাবাস। তবে এই দাবি ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস।
এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি বলছে, লেভিটের পদত্যাগ নিয়ে বিভিন্ন প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে দক্ষিণ আফ্রিকায় ইরানের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে এই দাবি করে। একই পোস্টে লেভিটের একটি ছবিও প্রকাশ করা হয়।
ইরানের দূতাবাসের দাবি, নিরাপত্তার হুমকির মুখে ট্রাম্প নিজের নিরাপত্তা নিশ্চিত করলেও অন্য কর্মকর্তাদের ঝুঁকির মধ্যে ফেলেছেন। এ কারণে লেভিট ট্রাম্পের ওপর আস্থা হারিয়েছেন বলেও ইঙ্গিত দেওয়া হয়।
ধারণা করা হচ্ছে, তুরস্ক থেকে ফেরার সময় ট্রাম্পকে গোপনে একটি ছোট সামরিক বিমানে সরিয়ে নেওয়ার খবরের দিকেই ইরানের পোস্টে ইঙ্গিত করা হয়েছে।
তবে ইরানি দূতাবাসের এ অভিযোগ ‘সরাসরি মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস।
মার্কিন কর্মকর্তারা বলেছেন, তুরস্ক সফরের সময় লেভিট ট্রাম্পের সঙ্গে ছিলেন না। ফলে ট্রাম্পকে গোপনে অন্য বিমানে সরিয়ে নেওয়ার ঘটনায় লেভিট জড়িত ছিলেন—এমন খবরও তারা নাকচ করেছেন।
ট্রাম্প লেভিটের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার পদত্যাগের পেছনে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত বা রাজনৈতিক বিরোধ ছিল—ইরানের দূতাবাসের এমন দাবির কোনো স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি।
