যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বন্দুক হামলায় সন্দেহভাজন হামলাকারীসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মিশিগান স্টেট পুলিশের বরাতে দ্য নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে লেক টাউনশিপের সাউথ ল্যাচ্যান্স রোডের একটি বাড়িতে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে তিনজনের মরদেহ এবং গুরুতর আহত একজনকে উদ্ধার করা হয়। আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, হামলার সন্দেহভাজন ৩৯ বছর বয়সী চ্যাড হিকম্যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি সেখান থেকে পালিয়ে যান। এরপর তাকে আটক করতে জরুরি প্রতিক্রিয়া, বিমান ও প্রশিক্ষিত কুকুর ইউনিটের সমন্বয়ে অভিযান শুরু করে মিশিগান স্টেট পুলিশ।
তদন্তের একপর্যায়ে কাছের আরেকটি বাড়ি থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। একই সময়ে ক্যালডওয়েল টাউনশিপের হুইটলক লেকের কাছে একটি জঙ্গল এলাকায় হিকম্যানের গাড়ির সন্ধান পায় পুলিশ। পরে সেখান থেকে হিকম্যানসহ আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।
মিশিগান স্টেট পুলিশের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট অ্যাশলি মিলার জানিয়েছেন, বর্তমানে এ ঘটনায় সাধারণ মানুষের জন্য কোনো হুমকি নেই। তবে একাধিক ঘটনাস্থলে তদন্ত চলায় এলাকায় পুলিশের টহল অব্যাহত থাকবে।
তিনি বলেন, ঘটনাটি তদন্তকারী কর্মকর্তা, পুলিশ সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। হামলার পেছনে কী কারণ বা উদ্দেশ্য ছিল, তা জানতে তদন্ত চলছে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের তিনটি ঘটনাস্থল এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে পুলিশ। হামলার সঠিক কারণ ও উদ্দেশ্য এখনো জানা যায়নি।
