যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে রিচফিল্ডের দক্ষিণ-পশ্চিমে থ্রি ক্রিকস রিজার্ভয়ার এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে পাইলট ও এক ক্রু সদস্য নিহত হন।
ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার শনিবার দুই ক্রু সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দুর্গম পাহাড়ি এলাকা এবং ভয়াবহ আগুনের কারণে উদ্ধারকারী দল ২৪ ঘণ্টার বেশি সময় পর ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। পরে সেখান থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।
দাবানলের কারণে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকটি সড়কে চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
হেলিকপ্টার বিধ্বস্তের পর কিছু সময়ের জন্য অগ্নিনির্বাপণ কার্যক্রম বন্ধ রাখা হলেও পরে তা আবার শুরু করা হয়। এরই মধ্যে দাবানলে ১ লাখ ১১ হাজার একরের বেশি এলাকা পুড়ে গেছে।
