তেল সংকট ও দীর্ঘমেয়াদি আর্থিক চাপে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বাজেট এয়ারলাইনস ‘স্পিরিট এয়ারলাইনস’ তাদের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং চলমান আর্থিক সংকটের কারণে ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। এ কারণে সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে।
শনিবার এক বিবৃতিতে এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, টানা লোকসান ও ঋণের বোঝা সামাল দিতে না পারায় তারা কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হচ্ছে এবং বিকল্প এয়ারলাইনসের মাধ্যমে ভ্রমণের পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে ২০২৪ ও ২০২৫ সালে কোম্পানিটি দেউলিয়া অবস্থা থেকে বাঁচতে পুনর্গঠনের চেষ্টা চালালেও তা সফল হয়নি। জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় আর্থিক চাপ আরও বাড়ে, যা শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটিকে বন্ধের দিকে ঠেলে দেয় বলে জানানো হয়।
ফ্লোরিডাভিত্তিক এই এয়ারলাইনস ১৯৮৩ সালে যাত্রা শুরু করে। স্বল্প খরচে বিমান ভ্রমণের সুযোগ দেওয়ার কারণে এটি যাত্রীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল।
