নিউইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটনে রোববার ভোররাতে সাবওয়ে ট্র্যাকে বসে থাকা এক তরুণ ও এক তরুণী ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সূত্র জানিয়েছে, ঘটনাটি ঘটে স্প্রিং স্ট্রিট স্টেশনের কাছে, রাত পৌনে তিনটার দিকে, যখন দক্ষিণমুখী একটি ট্রেন তাদের ওপর দিয়ে চলে যায়।
উভয়েরই বয়স চব্বিশ বছর বলে জানা গেছে। তবে এখনো তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তদন্তকারীদের ভাষ্যমতে, এই মুহূর্তে এমন কোনো প্রমাণ নেই যে তাদের ঠেলে দেওয়া হয়েছিল বা তারা দুর্ঘটনাক্রমে ট্র্যাকে পড়ে গিয়েছিলেন। কিছু তদন্তকারী অনুমান করছেন তারা হয়তো মদ্যপ অবস্থায় ছিলেন।যদিও এখন পর্যন্ত এর সপক্ষে কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। ঘটনার পুরো প্রেক্ষাপট এখনো তদন্তাধীন, এবং প্রকৃত কারণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে সময় লাগবে।
নিউইয়র্ক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে, এবং ঘটনার জেরে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত এটি একটি চলমান ঘটনা হিসেবেই বিবেচিত হচ্ছে। নতুন তথ্য সামনে এলে বিস্তারিত জানা যাবে।
