মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ব্রুকলিনে বাংলাদেশি মালিকানাধীন সুপারশপ কালাম’স বাজারের নতুন শাখার উদ্বোধন

Author avatar
উত্তর আমেরিকা অফিস

সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

ব্রুকলিনে বাংলাদেশি মালিকানাধীন সুপারশপ কালাম’স বাজারের নতুন শাখার উদ্বোধন

নিউইয়র্কের ব্রুকলিনে বাংলাদেশি মালিকানাধীন গ্রোসারি সুপারশপ কালাম’স বাজারের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ৬৯ চার্চ এভিনিউতে উৎসবমুখর পরিবেশে নতুন শাখাটির উদ্বোধন করা হয়। এটি প্রতিষ্ঠানটির দ্বিতীয় শাখা। এর আগে ওজন পার্কের লিবার্টি এভিনিউতে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে নিউইয়র্ক সিটি কাউন্সিলের বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলওম্যান শাহানা হানিফসহ ব্যবসায়ী, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন ভাষাভাষী মানুষের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। এ সময় কাউন্সিলওম্যান শাহানা হানিফ প্রবাসীদের কেনাকাটায় বাংলাদেশি কমিউনিটির প্রতিষ্ঠান বেচে নেওয়ার আহ্বান জানান।

উদ্বোধন উপলক্ষে দোকানজুড়ে ছিল বিশেষ অফার। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের সুবিধার জন্য অনলাইন অর্ডারের ব্যবস্থাও রয়েছে। পাশাপাশি বড় পরিসরের পার্কিং সুবিধা থাকায় ক্রেতারা সহজেই গাড়ি নিয়ে এসে কেনাকাটা করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আসা ক্রেতারা বাজারটির পণ্যের বৈচিত্র্য, বিশেষ করে মাছ ও হালাল মাংসের সরবরাহ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, একই জায়গায় দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পণ্য পাওয়ায় প্রবাসীদের দৈনন্দিন বাজারের প্রয়োজন মেটাতে কালামস বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরজমিনে দেখা গেছে, কালামস বাজারে পাওয়া যাচ্ছে শাক-সবজি, ফলমূল, তরিতরকারি, দেশীয় খাদ্যসামগ্রী, মসলা, চাল, ডাল, রান্নার তেল, ডেইরি ও ডিমসহ বিভিন্ন গ্রোসারি পণ্য। প্রবাসী মুসলিমদের চাহিদা বিবেচনায় রয়েছে হালাল ও সতেজ গরু, ছাগল, হাঁস ও মুরগির মাংস। পাশাপাশি বাংলাদেশি নদী-খাল-বিলের বিভিন্ন প্রজাতির তাজা ও হিমায়িত মাছও রাখা হয়েছে।

এছাড়া সিঙ্গারা, সমুচা, পরোটা ও বিভিন্ন ধরনের হিমায়িত খাদ্যপণ্যও পাওয়া যাচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশি-আমেরিকানদের পাশাপাশি অন্যান্য কমিউনিটির গ্রাহকদের চাহিদা বিবেচনা করেও পণ্যের বৈচিত্র্য সাজানো হয়েছে।